ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনও ক্ষতি নেই, আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে, বললেন নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, সমস্ত পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না।
বাংলাদেশ ও ভারতের সাথে চলমান দ্বন্দ্ব ও কূটনৈতিক টানাপড়েনের মধ্যে ড. এম সাখাওয়াত হোসেন শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে এ কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেদেশের সরকারি ও বিরোধী রাজনৈতিক দলসহ বিভিন্ন গোষ্ঠী শেখ হাসিনার পক্ষে অনড় অবস্থানে রয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রচার। সেইসাথে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন প্রচার-প্রচারণা চলছে। এসব নিয়ে দুদেশের মধ্যে এক ধরনের অস্বস্তিকর সম্পর্ক তৈরি হয়েছে।
৫ই আগস্টের পর থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা, নির্যাতনের ঘটনায় সরব হয়েছে ভারত। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, হত্যা-ধর্ষণের মত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভারত বিশ্ব জনমতের দৃষ্টি আকর্ষণ করছে শুরু থেকেই। সংখ্যালঘুদের অধিকার আদায়ে এবং নিরাপত্তার খাতিরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে ঐক্যবদ্ধ হন হিন্দু নাগরিকদের একটি বড় অংশ।
গত ২৫শে নভেম্বর সেই জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর উত্তপ্ত হয়ে ওঠে দেশের পরিস্থিতি। তার মুক্তি চেয়েও দাবি আসে ভারত সরকারের পক্ষ থেকে। এরই প্রতিবাদে বাংলাদেশের অনেক জায়গায় পদদলিত করার মাধ্যমে অবমাননা করা হয় ভারতের পতাকাকে। যা উস্কে দিয়েছে ভারতবিদ্বেষকে চরমভাবে।
চিন্ময় গ্রেপ্তার ও পতাকা অবমাননার পাল্টা প্রতিক্রিয়ায় ২রা ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালায় একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা, পোড়ানো হয় বাংলাদেশের জাতীয় পতাকাও। একই দিন ভারতের আরও কয়েকটি স্থানে চলে বাংলাদেশবিরোধী বিক্ষোভ।
তবে বেনাপোলে উপদেষ্টা এম সাখাওয়াত দাবি করেছেন, আমাদের মধ্যে মেজরিটি-মাইনোরিটি কোনও বিভাজন নেই। এখানে সবধর্মের মানুষ বসবাস করছেন। কোনও ধরনের উষ্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আমরা ঐতিহাসিকভাবে এক আছি।”
