স্থানীয় সংবাদদাতা
নাটোরে আল চিশতীর মাজার ও মাজার প্রাঙ্গণে আয়োজিত বাৎসরিক বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। অনুষ্ঠান আয়োজনের জন্য ইউনিয়ন বিএনপি নেতা ২ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন, কিন্তু চাঁদা না দেওয়ায় মাজার ভাঙচুর করা হয়েছে বলে দাবি আয়োজকদের।
মাজারে ‘অনৈতিক কাজ’ হয়, এমন দাবি করে বিএনপি, জামায়াত ও শিবিরের সন্ত্রাসীরা এই হামলা চালায় বলে জানান মাজারের ভক্তরা।
সোমবার ৩০শে ডিসেম্বর দিবাগত রাতে সদর উপজেলার লোচনগড় গ্রামে এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ওই প্যান্ডেলে বাউলসংগীতের আসর বসার কথা ছিল। উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠানটি স্থগিত করেছে কর্তৃপক্ষ।
মাজার কমিটি সূত্র জানায়, প্রতিবছরের মতো এবারও মাজার চত্বরে বাউল সংগীতের আয়োজন করা হয়। আজ থেকে ওই অনুষ্ঠান শুরুর কথা ছিল। এ উপলক্ষে প্যান্ডেল নির্মাণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু দুর্বৃত্তরা অনুষ্ঠানস্থলের প্যান্ডেল ভাঙচুর করে তছনছ করেছে। এতে গানের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
মাজার কমিটির সভাপতি হোসেন কবিরাজ জানান, প্রতিবছর মাজারে তারা বাৎসরিক ওরসের আয়োজন করেন। এ প্রোগ্রাম করতে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এ বিষয়ে কথা বলতে ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সোমবার সন্ধ্যায় তাকে ডেকেছিলেন কিন্তু ব্যস্ততার হোসেন কবিরাজ কারণে যেতে পানেননি বলে চাঁদার টাকাও দেওয়া হয়নি।
হোসেন জানান, সোমবার দিবাগত রাতের কোনো একসময় দরগায় এই হামলা চালানো হয়। হামলাকারীরা অনুষ্ঠানের গেট, প্যান্ডেল, মাজারের ওপরের ছাদ, খানকা, দরবারের কক্ষে ভাঙচুর চালায়। এসময় খাদিজা নামে এক নারী ভক্তকে পিটিয়ে আহত করা হয়।
এ বিষয়ে তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের দাবি, আশপাশের কয়েক গ্রামের ইমামরা মাজারে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ প্রতিবাদ জানিয়ে আসছিল। ইমামরা তার কাছে এলে তিনি বিষয়টি জানার জন্য মাজারের সভাপতিকে ডেকেছিলেন। চাঁদার বিষয়টি তিনি অস্বীকার করেন।
জামায়াত কর্মী বশির মিয়ার দাবি, মাজারের নামে তারা সেখানে গাঁজা-মদ সেবন করে। প্রতিবছর এই সময়ে তারা দুই-তিন দিন ধরে উচ্চশব্দের সাউন্ড বক্স লাগিয়ে সেখানে অনুষ্ঠান করে। এলাকাবাসী নিষেধ করলেও তারা এতে কর্ণপাত করে না। তাই গতকাল আমরা গিয়ে মাজার উচ্ছেদ করেছি, বলেন তিনি।
অনৈতিক কাজ ও মাদক সেবনের অভিযোগকে বানোয়াট আখ্যা দিয়ে মাজার কমিটির সভাপতি হোসেন কবিরাজ বলেন, এটা বাড়িয়ে বলা হয়েছে। মূল ঘটনা চাঁদাবাজি। আমরা দুর্বৃত্তদের চিনি। তবে নিরাপত্তার কারণে তাদের পরিচয় জানাতে পারছি না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়েছিল। এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
