দেশটা আমার এমন ছবির মতো কেনো রইলো না?
১০ই জানুয়ারি, ১৯৭২
১০ই জানুয়ারি, ১৯৭২
একটি পুরনো ট্রাক। ঠিক মাঝখানে দাঁড়িয়ে, বাংলাদেশ। ডানে-বাঁয়ে-পেছনে, নেতা— তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী; ছাত্রনেতা— তোফায়েল আহমেদ, নূরে আলম সিদ্দিকি, আ.স.ম আব্দুর রব, শেখ মণি, আব্দুর রাজ্জাক, শেখ কামাল, আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ, কাজী আরেফ, সিরাজুল আলম খান; এবং জেনারেল এম.এ.জি ওসমানী।
ট্রাকের পেছনের একটি চেইন ধরে, দুই পা দুই চাকার মাঝের রডের উপর ঠেকিয়ে, প্রাণ হাতে, ঝুলছেন এক যুবক সাংবাদিক— সৈয়দ বদরুল আহসান। নিচে, সামনের ডান পাশে, বাংলার পরম বান্ধব শ্রীমতি ইন্দিরা গান্ধীর— পোস্টার, পোস্টারের উপরে বাংলাদেশের প্রথম পতাকা— সবুজে-লালে-হলুদে। ট্রাকের ডানে, সামনে, চারপাশ ঘিরে, গা ঘেঁষে, হাঁটছে, ছাত্রছাত্রী-প্রশাসনের— সম্মিলিত বাহিনী, গার্ড অভ অনারে; ওরা, টোকা পড়তে দেবে না, প্রাণাধিক গাড়িটায়। বাঁয়ে, একটি সাম্যবাদী পতাকা, লাল। ডানে, অদূরে, নিয়নবাতির পোল বেয়ে, উঠে যাচ্ছে এক কিশোর— দরিদ্র, বিগত ন’মাস রক্তের সমুদ্দুর ডিঙিয়ে আজও বেঁচে থাকা একটুকরো বাঙালি জীবন, একপলক দেখার বাসনায়, ট্রাকের একমাত্র ছ’ফুটি মানুষটিকে। সেই মানুষটার পায়ের কাছে, বাঁয়ে, বসে আছে— একজন জিন্নাটুপি পরা লোক, মোশতাক আহমদ।
একটি পুরনো ট্রাক। তেজগাঁও থেকে রেসকোর্স। একটি ছবি। ১০ জানুয়ারি, ১৯৭২। কিংবা, বাংলাদেশের আসন্ন শতাব্দীর পর শতাব্দী বয়সের, উপন্যাস এটি; মানুষগুলোর ক্ষুদ্র-ক্ষুদ্র গল্প নিয়ে বোনা— প্রত্যাশার, আশাভঙ্গের, আশাপূরণের, মিত্রতার, বিশ্বাসঘাতকতার, গল্প নিয়ে।
একটি পুরনো ট্রাক। তার উপরে, ঠিক মাঝখানে দাঁড়িয়ে— বাংলাদেশ। ট্রাকের পেছনে ঝুলন্ত যুবকটি, যে-চারঘণ্টার যাত্রার নাম দিয়েছিলেন— ‘আমি শুনছিলাম না।’…
“ওসমানী সাহেব আমাকে বলছেন, ‘নেমে পড়ো বাবা, ব্যথা পাবে!’ আমি শুনছিলাম, আমি শুনছিলাম না; আমি তখন গরবে বিবশ, আমি জাতির জনকের গাড়ি ছুঁয়ে আছি!” বদরুল আহসান, স্মৃতি ঘাঁটছেন, “রেসকোর্স ময়দান মানুষে-মানুষে কাঁপছে! আমি, আমরা, জীবনে প্রথমবারের মতো দেখলাম, তিনি কাঁদছেন! তিরিশ লাখ শহিদ, আড়াই লাখ বিষাদে-মোড়া মা-বোনের কথা, বলে উঠতেই, তিনি কাঁদছেন! এবং, আমরা কাঁদছিলাম।”
একটি পুরনো ট্রাক। তার উপরে, ঠিক মাঝখানে দাঁড়িয়ে, বাংলাদেশ। বাংলাদেশ, স্বদেশের মাটি ছুঁলেন।
Salah Uddin Ahmed Jewel
[ফটোগ্রাফার: রশিদ তালুকদার]
Visited 41 times, 1 visit(s) today
