সংবাদ প্রতিবেদন
বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার।
সোমবার ২০শে জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
গত বছরের ৫ই আগস্টের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি উঠে। একইসঙ্গে পুলিশের ইউনিফর্ম পরিবর্তন দাবি উঠে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশের ইউনিফর্ম হবে লোহার (আয়রন) রঙের। র্যাবের ইউনিফর্ম হবে জলপাই (অলিভ) রঙের। আর আনসারের ইউনিফর্ম হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের।
এই তিন বাহিনীর ইউনিফর্ম পরিবর্তনের কারণ জানতে সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সবার মন-মানসিকতা পরিবর্তন করা জরুরি। সে জন্য পুলিশ, র্যাব ও আনসারের ইউনিফর্ম পরিবর্তন করা হচ্ছে।”
কবে থেকে ইউনিফর্ম পরিবর্তন হবে, তা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ধীরে ধীরে পরিবর্তন হবে।”

পুলিশকে জনবান্ধব করতে হলে বাহিনীটির প্রশিক্ষণে পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
নতুন পোশাকে বড় ধরনের অর্থ সংকুলান হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ধরনের কিছু হবে না। নিয়মিত এসব বাহিনীর সদস্যদের নতুন পোশাক তৈরি হচ্ছে। সে ধারাবাহিকতায় ধীরে ধীরে পরিবর্তিত পোশাক তৈরি হবে। এটার জন্য বাড়তি অর্থের খুব একটা দরকার হবে না।”
এ সময় অন্যদের মধ্যে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১১ই আগস্ট সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, “পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। অনেকের মন ভেঙে গেছে, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।”
