নিজস্ব প্রতিবেদক
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব পালন নিয়ে বিতর্কিত পরিস্থিতির মধ্যে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ফাউন্ডেশনের কার্যক্রমে দায়িত্ব অবহেলা এবং সুশাসনের অভাবের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার (২২ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়ে পদ ছাড়ার বিষয়টি জানান তিনি।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পদ ছাড়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য সংস্থটির গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। যেখানে ‘সাধারণ সম্পাদক’ নামে কোনো পদ এখন থেকে আর থাকবে না।
এদিকে সারজিসের পদত্যাগের আগে ফাউন্ডেশনের অভ্যন্তরীণ কমিটির সদস্যরা তার বিরুদ্ধে কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতার অভাব এবং ফাউন্ডেশনের আর্থিক ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগ তোলেন। ফাউন্ডেশনের কয়েকজন সদস্য দাবি করেন, সারজিসের নেতৃত্বে বেশ কয়েকটি প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন হয়নি, যা প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণে বাধা সৃষ্টি করেছে।
একইসাথে শহীদ ও আহত পরিবারের সদস্যরা সারজিস আলমের বিরুদ্ধে অভিযোগ তুলতে থাকেন।
জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী এহসান দাবী করেছেন, জাতীয় বিপ্লবী পরিষদে হামলার প্রতিফলের ধারাবাহিকতায় সারজিস আলম জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়ার কথা জানাতে বাধ্য হয়েছে। আমরা মনে করি মীর স্নিগ্ধকেও সরে যেতে হবে। হামলাকারীদেরও বিচার করতে হবে। রাজনীতিকে তাৎক্ষণিক উত্তেজনা মনে করবেন না। আরও অনেক কিছু হবে ইনশাআল্লাহ, দেখবেন। সারজিস রাজনীতি করতে পারবে না।
তবে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক লিখেছেন, যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি, ততদিন আমি দায়িত্ব পালন করেছি। যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব হবে নয়, তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি। আমার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয় বরং এটাতে সৎ সাহস লাগে।
