পুলিশকে গোলাপি ইউনিফর্মে দেখতে চান সমন্বয়ক উমামা ফাতেমা

পুলিশকে গোলাপি ইউনিফর্মে দেখতে চান সমন্বয়ক উমামা ফাতেমা
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানালেন, পুলিশের নতুন ইউনিফর্ম হবে লোহার (আয়রন) রঙের। র‍্যাবের ইউনিফর্ম হবে জলপাই (অলিভ) রঙের। আর আনসারের ইউনিফর্ম হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের।

গত সোমবার ২০শে জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এই তিন বাহিনীর ইউনিফর্ম পরিবর্তনের কারণ জানতে সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সবার মন-মানসিকতা পরিবর্তন করা জরুরি। সে জন্য পুলিশ, র‍্যাব ও আনসারের ইউনিফর্ম পরিবর্তন করা হচ্ছে।”

কবে থেকে ইউনিফর্ম পরিবর্তন হবে, তা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “ধীরে ধীরে পরিবর্তন হবে।”

নতুন এই ইউনিফর্মের রঙ নিয়ে নেটদুনিয়ায় পক্ষে-বিপক্ষে চলছে বেশ সমালোচনা। ইতিমধ্যে এই তিন বাহিনীর ইউনিফর্মের রঙের সাথে পাকিস্তানি কয়েকটি বাহিনীর ইউনিফর্মের রঙের সাদৃশ্য খুঁজে পেয়েছেন নেটিজেনরা। এ নিয়ে ব্যাপক সমালোচনা করছেন সাধারণ মানুষ। তারা একে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়েছেন।

পড়ুন: বাংলাদেশের পুলিশের নতুন পোশাক পাকিস্তানি পুলিশের পোশাকের আদলে, সমালোচনা সর্বমহলে

আর এই আলোচনার মধ্যেই এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমার একটি সাক্ষাৎকারের কিছু অংশ নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

যেখানে পুলিশের ইউনিফর্ম গোলাপি করার আহ্বান জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অনত্যম এই সমন্বয়ক।

ভাইরাল ওই ভিডিওতে এক প্রশ্নের জবাবে উমামা ফাতেমা বলেন, “পুলিশের দ্রুততম সময়ে গোলাপি ইউনিফর্ম দেওয়া উচিত। আমার মনে হয় যে গোলাপি ভালো একটি প্রতীক ইউনিফর্ম হিসেবে। গোলাপি একটি আই সুদিং কালার।”

তবে পুলিশের সব ইউনিটের জন্য গোলাপি ইউনিফর্ম দরকার নেই ইঙ্গিত করে তিনি বলেন, “যারা মানুষকে অ্যারেস্ট করে তাদের আবার গোলাপি দেওয়ার মানে হয় না। যারা ট্রাফিক কন্ট্রোল করে তাদের ক্ষেত্রে হয়তো গোলাপি ইউনিফর্ম দেওয়া যায়।”

উমামা ফাতেমার ওই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হলেও সাক্ষাৎকারটি উমামা ফাতেমা পুলিশের ইউনিফর্মের রঙ পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে না কি পরে দিয়েছেন, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, গত বছরের ৫ই আগস্টের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি উঠেছে। একইসঙ্গে পুলিশের ইউনিফর্ম পরিবর্তনেরও দাবি উঠেছে।

এর আগে, গত ১১ই আগস্ট সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, “পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। অনেকের মন ভেঙে গেছে, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।”

Visited 148 times, 1 visit(s) today