সংবাদ প্রতিবেদন
কোরানের আয়াত উদ্ধৃত করে প্রকাশ্যে জনসভায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের কতল করার ফতোয়া দিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের এক সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। বরিশালের চরমোনাই আহছানাবাদ রাশিদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল।
বক্তব্যে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রসঙ্গে বলেন, “এগুলারে পিডান লাগবে, কতল করা লাগবে, এগুলারে মাইর ছাড়া কোনো উপায় নাই। এগুলা দাওয়াতে ফেরবে না।”
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দিচ্ছিলেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ। তিনি ইসলামিক ফাউন্ডেশন ছাড়াও বরিশালের চরমোনাই আহছানাবাদ রাশিদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্বে রয়েছেন।
গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারের সকল পর্যায়ের মত ইসলামিক ফাউন্ডেশনেও বিভিন্ন পদে পরিবর্তন আনা হয়। গত ১৮ই নভেম্বর ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্স পুনর্গঠিত হয়।
ধর্মকে পুঁজি করে গঠিত রাজনৈতিক দল ইসলামী আন্দোলনের সম্মেলনে মোসাদ্দেক বিল্লাহ দাবি করেন, শেখ হাসিনা ভারত সরকারের পুতুল, শেখ হাসিনা লক্ষ কোটি টাকা পাচার করছেন। তাঁর ছেলে জয়, মেয়ে পুতুল, বোন রেহানা লক্ষ লক্ষ টাকা পাচার করছেন। আওয়ামী লীগের মন্ত্রী-এমপি, কর্মীদের ভারত আশ্রয় দিয়েছে। এর অর্থ ভারই সবকিছুর মূল।
তিনি আরও দাবি করেন, ২০১৪, ২০১৮, ২০২৪-এ কোনো ভোট হয়নি। তবুও অনেকে তরুণ-যুবসমাজ আওয়ামী লীগ সরকারকে সমর্থন করেছে, প্রশাসনও সমর্থন দিয়েছে।
এসময় তিনি উপস্থিত শ্রোতাদের উস্কে দিতে প্রশ্ন করেন সমর্থন করেছে কি করেনি, তখন তার দলের কর্মীরা সমস্বরে জবাব দেন- ‘করছে’, বলে।
বক্তব্যের একপর্যায়ে তিনি কোরানের আয়াত তেলাওয়াত করে উল্লেখ করেন, সবাইকে শুধু ‘দাওয়াত’ দিয়ে পথে আনা যাবে না। যদি দাওয়াতে কাজ হতো, তবে আল্লাহ কেন ‘কিসাস’ এর কথা, বদলার কথা (খুন করে) কেন আয়াতে নাজিল করলেন?

তিনি আরও বলেন, “আল্লাহ জানেন তার কিছু বান্দা আছে এরা চতুস্পদ জানোয়ারের চেয়ে, গরুর দলের (হিন্দুদের কটাক্ষ করে) চেয়ে খারাপ। এগুলারে পিডান লাগবে, কতল করা লাগবে, এগুলারে মাইর ছাড়া কোনো উপায় নাই। এগুলা দাওয়াতে ফেরবে না। এই যে দলিল।”
সমবেত উপস্থিতিকে উস্কে দিয়ে ইসলামী আন্দোলনের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, “যে সমস্ত ইসলামপন্থিরা বলে দাওয়াত দিয়া সব হেদায়েত হবে, এটা সম্পর্ণ কোরআন-হাদিস বিরোধী কথা। আপনাকে প্রয়োজনে মারতে হবে। আপনাকে লড়তে হবে প্রয়োজনে।”
সম্প্রতি কদমতলীতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর করার মাধ্যমে একটি অনুষ্ঠান পণ্ড কার দৃষ্টান্ত টেনে এই উগ্রবাদী বক্তা বলেন, “পরশুদিন কদমতলীতে ওরা বিশাল ডেকপার্টি করছে। যত বলে কেউ শোনে না। আমাদের মুসল্লি ভাইয়েরা তাওহিদি জনতা যাইয়া পিডাইয়া নাস্তানাবুদ করে, সব ধ্বংস করে দিছে।”
এই ‘ইসলামী’ বক্তা ভরা মজলিসে দাবি করলেন উক্ত অনুষ্ঠানে “উলঙ্গ মহিলা প্রায় ২৫ জন ছিল।”
পিটিয়ে, ভেঙেচুরে সবকিছু নিজেদের আয়ত্বে আনার সক্ষমতা জাহির করে তিনি বলেন, “কালকে মাদ্রাসায় প্রোগ্রাম করছি। সেখানেও সব পিডাইয়া লড়াইছি। এগুলা এমনে যায়? এগুলারে মারতে হবে। এই যে আমরা এগুলা বাদ দিছি, আমি সেই হাদিসটাই বলছি। যখন তোমরা তোমাদের ঘরে, সমাজে, রাষ্ট্রে অন্যায় দেখবা, প্রথমে শক্তি দিয়া ফিরাইবা। ঈমানের শক্তি না থাকলে তাকে মুখে মুখে বল। খালি মনে মনে ঘৃণা করলে হবে না, সবচেয়ে দুর্বল ঈমান হচ্ছে ওইটা।”
চর্মনাইপন্থী কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার ডাক দিয়ে মোসাদ্দেক বিল্লাহ বলেন, “এখন থেকে প্রস্তুতি নেন নির্বাচন হবেই। আইজ হোক-কাল হোক। আমরা ওয়াদা করি, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় হাতপাখার দূর্গ গড়ে তুলব। ঘরে ঘরে গিয়ে বলব, আপনারা সব দেখছেন, এবারে ইসলামের বাংলাদেশ দেখেন।”
সামাজিক যোগাযোগমাধ্যমে এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে প্রতিবাদ জানানোর পাশাপাশি শংকা প্রকাশ করেন সাধারণ মানুষ। তাদের মতে, ইসলামিক ফাউন্ডেশনের মত একটি সরকারি কল্যাণমুখী সংস্থার দায়িত্বে এমন উগ্রবাদী ব্যক্তিরা থাকলে সংস্থার মূখ্য উদ্দেশ্যটাই ব্যাহত হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই কল্যাণমুখী সংস্থাটি একসময় সমাজে বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল। মানুষ যেন ধর্মব্যবসায়ীদের কথায় বিভ্রান্ত না হন, সেজন্য সঠিক বার্তা পৌঁছানোর কাজটি করত সংস্থাটি।
“বর্তমানে উগ্রবাদী, জিহাদি মনোভাবের মানুষ এই সংস্থাটিকে বিতর্কিত করছেন” বলে মন্তব্য করেন মাদ্রাসা শিক্ষক মুফতি এনায়েতুর রহমান। তার মতে, এই বক্তা ধর্মের অপব্যাখ্যা করছেন। শান্তির ধর্মকে জঙ্গিদের ধর্ম হিসেবে প্রমাণ করতে চাইছেন মোসাদ্দেক বিল্লাহ।
উল্লেখ্য, সংস্থার ওয়েবসাইটে উল্লেখ রয়েছে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে ইসলামিক ফাউন্ডেশন ইসলামের সমুন্নত আর্দশ ও মূল্যবোধের প্রচার ও প্রসার কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে নানা কাজ করে থাকে বলে ইসলামিক ফাউন্ডেশন।
