টাকা না দেওয়ার কথা স্বীকার করে উল্টো দম্ভ বিপিএলের এক ফ্রাঞ্চাইজি মালিকের

টাকা না দেওয়ার কথা স্বীকার করে উল্টো দম্ভ বিপিএলের এক ফ্রাঞ্চাইজি মালিকের
শেয়ার করুন

বাংলাদেশ প্রিমিয়ার লীগে খেলোয়াড়দের বেতন দেওয়ার বিষয়টি আবারো চর্চার কেন্দ্রবিন্দুতে। চিটাগাং কিংস ফ্র্যাঞ্চাইজি স্বীকার করেছে যে তারা জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে এখনো এক টাকাও দেয়নি। এমনকি টাকা না দেওয়াকে অনেক দম্ভের সুরে বলেছেন দলটির মালিক যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাইপো সামির কাদের চৌধুরী।

গতকাল খবর বের হয় ইমনকে কোন টাকা দেয়নি কিংস। একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপে সেই অভিযোগ অকপটে স্বীকার করে দম্ভ দেখান সামির, ‘হ্যাঁ, আমি ইমনকে পেমেন্ট করিনি। এটা করিনি ব্যক্তিগত কিছু কারণে। আমার টাকা তো গাছে ধরে না, আমি কিন্তু সন্তুষ্টির দরকার আছে। আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেব, বকেয়া রাখব না।’

ব্যক্তিগত কী কারণ সেটা তিনি বলেননি। তবে ইমনের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট না বলে জানান। যদিও খেলার পারফরম্যান্সের সঙ্গে চুক্তির টাকার না সম্পর্ক আইনত নেই।

বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়ার নির্দিষ্ট নিয়ম আছে। টুর্নামেন্ট শুরুর আগে ২৫ ভাগ টাকা দিতে হয়। খেলার মাঝে দিতে হয় আরও ৫০ ভাগ। শেষ হলে বাকি টাকা দেওয়ার থাকলেও, অনেক ফ্র্যাঞ্চাইজিই তা মানছে না। দুর্বার রাজশাহীসহ আরও কয়েকটি দলের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে।

চিটাগাং কিংস ফ্র্যাঞ্চাইজি ২০১৩ সালের বিপিএলেও টাকা নিয়ে সমস্যা করেছিল। পরে তাদের বিপিএল থেকে বের করে দেওয়া হয়। ৫ অগাস্ট ক্ষমতা বদলের পর আবার নতুন ক্ষমতাসীনদের অধীনে চলে আসে তারা। নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে সামির কাদেরের ঘনিষ্ঠতা আছে বলে জানা যায়। তিনি তাই টাকা পয়সা নিয়ে প্রশ্নবিদ্ধ এই গ্রুপকে বিপিএলে আসার সুযোগ করে দেন।

Visited 86 times, 1 visit(s) today