নিসজ্ব সংবাদদাতা
ফরিদপুরের সদরপুর উপজেলায় ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আব্দুল আহাদকে গ্রেপ্তার করেছে থানা পুলিশের উপ-পরিদর্শক কাজী মিনারুল।
বৃহস্পতিবার মধ্যরাতে ফরিদপুর সদরের কোতোয়ালী থানার গজারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আব্দুল আহাদ (৪২) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানীহালা ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের মৃত শরাফত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় ইমামতি করছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের একটি মসজিদের বারান্দায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, ইমাম আব্দুল আহাদ শিশুটিকে বাদাম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মসজিদের বারান্দায় নিয়ে যান এবং সেখানেই তাকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে তার মা ও এলাকাবাসী এসে তাকে উদ্ধার করেন।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেন জানান, শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ধর্ষণের পর অভিযুক্ত ইমাম পালিয়েছিলেন। পরে তাকে বৃহস্পতিবার মধ্যরাতে ফরিদপুর সদরের কোতোয়ালী থানার গজারিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।
