‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানে শিক্ষার্থীদের নৃত্য, তদন্ত কমিটি গঠন

‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানে শিক্ষার্থীদের নৃত্য, তদন্ত কমিটি গঠন
শেয়ার করুন
নিজস্ব প্রতিনিধি

বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে “জয় বাংলা, জিতবে আবার নৌকা” গানের তালে শিক্ষার্থীরা নৃত্য করছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে চলছে তোলপাড়। শিক্ষার্থীদের সাহসের তারিফ করছেন কেউ কেউ, কেউ আবার তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন।

ঘটনাটি ফরিদপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের। বিদ্যালয়ের ছাত্রীদের ২০ সেকেন্ডের একটি নৃত্যের ভিডিও ভাইরাল হতেই প্রশাসনের কর্তাদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে।

জানা যায়, শনিবার, ১লা ফেব্রুয়ারি ভিডিওটি ভাইরাল হলেও ক্রীড়া অনুষ্ঠানটি ছিল গত ২৬শে জানুয়ারির।

বিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, গত ২৬শে জানুযারি ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বার্ষিক এই ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন। দুপুর আড়াইটার দিকে ক্রীড়া অনুষ্ঠানের বিরতিতে শিক্ষক-শিক্ষিকারা মধ্যাহ্নভোজন করছিলেন, সে সময় সাউন্ডবক্সে বিভিন্ন গান বাজছিল এবং ছাত্রীরা ওই গানের তালে নিজেদের মত করে নৃত্য করছিলেন। হঠাৎ একটি গানের পর “জয় বাংলা জিতবে আবার নৌকা” গানটি বেজে ওঠে।

২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার জন্য তৈরির পর তুমুল আলোড়ন তোলা বিখ্যাত ওই গানের সঙ্গে শিক্ষার্থীরাও মনের আনন্দে নাচতে থাকেন। অনেকেই সেই নাচের দৃশ্য ভিডিও করেন। যা পরে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা বেগম বলেন, গানটির বিষয় আমার নজরে আসার সঙ্গে সঙ্গে আমি সেটি বন্ধ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেই।

তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি কেন ঘটল এবং কেন ভিডিওটি ভাইরাল করা হলো তা খতিয়ে দেখার জন্য বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পাপড়ী বাড়ইকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রবিবার প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

প্রতিবেদন হাতে পাওয়ার পর সেটার আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Visited 213 times, 1 visit(s) today