স্থানীয় প্রতিনিধি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটিয়েছে উগ্রবাদীরা।
৬ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। ভাঙচুর চলার সময় ওবায়দুল কাদের কিংবা তার ভাইদের পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১টার দিকে কয়েক শ উগ্রবাদী লাঠিসোঁটা নিয়ে ওবায়দুল কাদেরের কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা এ সময় ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জার দ্বিতল পাকা ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়।
এর আগে, গত ৫ই আগস্ট একই বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। ওই ঘটনার পর কিছুদিন আগে আবদুল কাদের মির্জা তার স্বজনদের মাধ্যমে বাড়িতে সংস্কার কাজ করিয়েছিলেন। এরপর আজ দ্বিতীয় দফায় ভাঙচুর চালানো হলো। তবে হামলা ও ভাঙচুরের সময় আবদুল কাদের মির্জা কিংবা তার পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না।
হামলার সময় উপস্থিত লোকজন জানান, গ্রামের বাড়িতে ওবায়দুল কাদের ও তার ভাই আবদুল কাদের মির্জার বাড়ির (মূল বাড়ি) পাশে পৃথক স্থানে আরেক ভাই শাহাদাত হোসেনের পাকা একতলা বাসভবন রয়েছে।
বেলা ১টা থেকে ওই দুই বাড়িতে ভাঙচুর শুরু হয়ে বেলা আড়াইটা পর্যন্ত চলে। এ সময় হামলাকারীদের অনেকে লেপ, তোশক, রান্নার হাঁড়ি-পাতিল ও বাড়ির ব্যবহার্য জিনিসপত্র নিয়ে যায়। এরপর হামলাকারীরা একটি বাড়ি থেকে আসবাবপত্র বের করে একটি পুরোনো গাড়ির ওপর রেখে তাতে আগুন দেন।
একইসাথে, আগুন দেওয়া হয় ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের বাসভবনের সামনের একটি টিনের ঘরেও।
