জেলা প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় তিন দিনব্যাপী ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি মাজারে উগ্রবাদী-জঙ্গিরা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
শুক্রবার বিকেলে সীরাতে মুস্তাকিম পরিষদ নামের একটি ভুঁইফোড় সংগঠনের ব্যানারে উগ্রবাদী জনতা লাঠিমিছিল কর্মসূচির পর এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
জানা যায়, ‘রহিম শাহ বাবা ভান্ডারী মাজার’ নামের এ মাজারটি উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গুচ্ছগ্রামে অবস্থিত। এখানে ১৭ থেকে ১৯শে ফাল্গুন (২ থেকে ৪ঠা মার্চ) পর্যন্ত বার্ষিক ওরস হওয়ার কথা। এজন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত-আশেকানরা অংশ নেওয়ার জন্য গত কয়েকদিন ধরেই মাজার প্রাঙ্গনে এসে জড়ো হচ্ছিলেন।
ওরস উপলক্ষে মাজারের সামনে মঞ্চ ও বড় তোরণ নির্মাণ করা হয়। ভক্ত-আশেকানদের থাকার জন্য শামিয়ানা দিয়ে তিনটি প্যান্ডেল তৈরি করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে সীরাতে মুস্তাকিম পরিষদ নামের ব্যানার নিয়ে উগ্রবাদী-জঙ্গিরা জিহাদি স্লোগানে লাঠিমিছিল নিয়ে এসে মাজারে ভাঙচুর ও আগুন দেয়। এ সময় তারা মাজারের বিভিন্ন আসবাব, ঘরের টিন ও দেয়ালের ইট খুলে ফেলে। ভাঙচুর ও আগুন দেওয়ার সময় উগ্রবাদী-জঙ্গিরা জিহাদি স্লোগান দিয়ে সবাইকে তাড়িয়ে দেয়।
ওরসে আসা লোকজন জানান, উগ্রবাদী-জঙ্গিরা ভাঙচুরের পর আগুন দিয়ে মাজারের চারপাশ ঘিরে দাঁড়িয়েছিল যেন কেউ আগুন নেভাতে না পারে। এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অদূরে দাঁড়িয়ে ছিলেন, কোনো ব্যবস্থাই নেননি।
ভক্তরা বলেন, ‘২১ বছর ধরে এই মাজারের মাহফিলে আসি; কিন্তু এবারের মতো পরিস্থিতি আর কখনও হয়নি। এখানে অন্যায় কিছু হয় না। কিন্তু অহেতুক ওরস বন্ধের দাবি করছে একটি পক্ষ।’
উগ্রবাদী-জঙ্গিদের দাবি, মাজারে গানবাজনা করা হয়, যা বেশরিয়তি কাজ। এজন্যই মাজার ভেঙে দেয়া হয়েছে। মাজারে মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ড চলে, এমন দাবিও করে তারা।

সীরাতে মুস্তাকিম নামের ভুঁইফোড় সংগঠনের ব্যানারধারী এক উগ্রবাদী-জঙ্গি জানায়, “এখানে কাউকে মাজার বানাতে দিবো না আমরা, ভেঙে গুঁড়িয়ে দিবো। আমাদের দাবি একটাই, কবর থেকে লাশের টুকরো-টাকরা নিয়ে তারা অন্য কোথাও চলে যাক। তাদেরকে এখানে থাকতে দেওয়া হবে না।”
তারা জানায়, ওরসের নামে বিদাত ও শিরক হয় এই মাজারে। তারা তাদের পীরকে খোদা মনে করে, সিজদা করে। মোমবাতি জ্বালিয়ে অগ্নিপূজা করে। প্রতি সোম ও বৃহস্পতিবার বাদ্যযন্ত্র দিয়ে গান-বাজনা ও জিকির করে। প্রতি বছর ১৮ই ফাল্গুন ওরসের নামে নারী-পুরুষ একত্রিত হয়ে মাদক সেবন করে। এখানে নামাজ পড়ার কোনও জায়গা নেই। তারা বেশরিয়তি কাজ করে। তাই আমরা ইমানি দায়িত্ব থেকে ভেঙে দিয়েছি সব।
মাজারের খাদেম শহিদুল ইসলাম বলেন, ‘ওরস উদযাপনে জেলা ও পুলিশ প্রশাসনের কাছে ১৭, ১৮, ১৯শে ফাল্গুন লিখিতভাবে আবেদন করা হয়েছে। এত বছর ওরস উদযাপনে কোনও বাধা আসেনি; কিন্তু এবার স্থানীয় উগ্রবাদীরা এটি বন্ধ রাখতে বলছেন। মাজার ভাঙার হুমকি দিচ্ছেন। আমাদের নিরীহ পেয়ে ওরস বন্ধের পাঁয়তারা করছেন তারা। এরপরও যেকোনও মূল্যে ওরস করা হবে।’
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গুচ্ছগ্রামের মাজারে ‘তৌহিদি জনতা’ হামলার পর আগুন দিয়েছে। এখনো ভাঙচুর চলছে, আগুন জ্বলছে।
তিনি আরও বলেন, ‘তৌহিদি জনতা’ চরম উত্তেজনাকর পরিস্থিতিতে থাকায় ঘটনাস্থলের কাছে সেনাবাহিনী ও পুলিশ যেতে পারেনি।
