নিজস্ব প্রতিবেদক::
ট্রাফিক আইন না মেনে উল্টো পথে রিকশা নিয়ে পথে বাধা দেওয়ায় মানিকগঞ্জে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে চাকরিচ্যুত করা ও মারধরের হুমকি অভিযোগে ফ্রান্স শাখা যুবদলের সভাপতি ফজলুল করিম শামীমকে আটক করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের উত্তরা ব্যাংক মোড়ে এ ঘটনার পর শামীমেক আটক করে পুলিশে হস্থান্তর করা হয়েছে।
ট্রাফিক পুলিশের পরিদর্শক হামিদ বলেন, শহরের যানজট নিরসনে শহীদ রফিক সড়কটি ওয়ান-ওয়ে করা হয়েছে। বিকালে ওই এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা কনস্টেবল শাহীন উল্টো পথে রিকশায় করে যাওয়ার পথে বাধা দেন। এসময় রিকশায় থাকা শামীম নিজেকে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে জোর করে যেতে চান। ওই পুলিশ সদস্য তাকে নিয়ম মানতে বললে শামীম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চাকরিচ্যুত করার হুমকি দেন। তাকে গালাগালও করেন তিনি।
ঘটনার বর্ণনা দিয়ে পরিদর্শক হামিদ আরো বলেন, এসময় প্রত্যক্ষদর্শীরা বিষয়টি দেখতে পান। ঘটনার একপর্যায়ে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে শামীম তাদের সঙ্গেও অশোভন আচরণ করতে থাকে। এমনকি মোবাইল ফোনে কয়েকজনকে ঘটনাস্থলে ডাকেন, যারা এসে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এক পর্যায়ে পুলিশ নমনীয় হলেও শামীম পুলিশের বিরুদ্ধে আরো আগ্রাসী হয়ে ওঠেন। ফলে পুলিশ তাকে আটক করে থানায় হস্থান্তর করে।
জেলা যুবদলের আহ্বায়ক তুহিনুর রহমান তুহিন বলেন, শামীম ফ্রান্স শাখা যুবদলের সভাপতি। ঘটনাটি ইফতারের আগ মুহূর্তে ঘটেছে। ওই সময় সবারই ইফতারের তাড়া থাকে। দলীয়ভাবে ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে।
মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ্ বলেন, দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে এবং পুলিশকে চাকুরিচ্যুতির হুমকি ও গালাগাল করার কারণে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সরকারি কাজে বাধা দানের ঘটনায় আইনগত ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
মানিকগঞ্জে পুলিশকে চাকুরিচ্যুতির হুমকি দেওয়া যুবদল নেতা আটক
Visited 15 times, 1 visit(s) today
