নিজস্ব প্রতিবেদক
১৮-১৯ কোটি মানুষের দেশ বাংলাদেশ ছিল বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ধান উৎপাদনকারী দেশ। অথচ মাত্র এক বছরের ব্যবধানে বাংলাদেশে খাদ্য উদৎপাদন নেমেছে বিপজ্জনক হারে। বাংলাদেশ এখন বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করছে। ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে নিয়মিত চাল আমদানি করা হচ্ছে।
ক্ষুদ্র ভূখণ্ডের এই দেশে ১৮-১৯ কোটি মানুষ। ধান উৎপাদনের পাশাপাশি সব্জি, মাছ, মাংসসহ বিভিন্ন পণ্য উৎপাদন, বসতবাড়ি, হাট-বাজার, অফিস-আদালত, রাস্তাঘাট, বন্দর, অবকাঠামো- সবই এই ছোট্ট একটি দেশে। এরমধ্যেও বাংলাদেশ ছিল খাদ্যশস্য উৎপাদনে তৃতীয় শীর্ষ দেশ। কিন্তু এখন আমদানিকারকে পরিণত হয়েছে। কেন এই পশ্চাৎ যাত্রা? প্রশ্ন সাধারণ মানুষের মনে।
তাছাড়া চাল আমদানি করা হচ্ছে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, পাকিস্তানের মত দেশ থেকে, যারা সর্বোচ্চ উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশের চেয়েও অনেক নিচে।
সম্প্রতি ভারত ও ভিয়েতনাম থেকে ৩৫ হাজার মেট্রিক টন চাল নিয়ে দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এরমধ্যে রয়েছে ভারতের ২২ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল ও ভিয়েতনামের ১২ হাজার ৫০০ মেট্রিক টন আতপ চাল।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ২২ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভি তানাইস ড্রিম এবং গত ৩রা ফেব্রুয়ারি সম্পাদিত জি টু জি চুক্তির আওতায় (২য় চালান) ভিয়েতনাম থেকে ১২ হাজার ৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি হং লিনহ-১ জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট ১ লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে প্রথম চালানের ১৭ হাজার ৮০০ মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে ১৫ই মার্চ, শনিবার জি টু জি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি মারিয়াম জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হয়েছে। এর আগে গত ৫ই মার্চ জি টু জি ভিত্তিতে ভারত ও পাকিস্তান থেকে ৩৭ হাজার ২৫০ মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এরমধ্যে রয়েছে পাকিস্তানের ২৬ হাজার ২৫০ মেট্রিক টন এবং ভারতের ১১ হাজার মেট্রিক টন চাল।
এটা শুধুমাত্র মার্চ মাসের হিসেব। এভাবে প্রতি মাসে সমুদ্রপথে, সড়কপথে আসছে চাল।
