বাতিল হলো ড. ইউনূসের ভেজাল দইয়ের মামলাও

বাতিল হলো ড. ইউনূসের ভেজাল দইয়ের মামলাও
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

ড. ইউনূসের বিরুদ্ধে “গ্রামীণ শক্তি দই”য়ে ভেজালের অভিযোগে দায়ের করা মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

১৭ই মার্চ, সোমবার বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটি বাতিলে জারি করা রুল মঞ্জুর করে এই রায় ঘোষণা করেন।

আদালতে ড. ইউনূসের পক্ষে আইনজীবী তানিম হোসেইন শাওন উপস্থিত ছিলেন, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ।

২০১০ সালে বংশালের একটি দোকান থেকে ১০০ গ্রামের একটি দইয়ে ভেজাল পাওয়ার অভিযোগ আনে ঢাকা সিটি কর্পোরেশন। এরপর ২০১১ সালের ১০ই জানুয়ারি দোকানের মালিক মো. আবুল কাশেম, সরবরাহকারী মো. তুষার এবং গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের চেয়ারম্যান ড. ইউনূসের বিরুদ্ধে স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুল হাসান মামলা করেন।

ওই মামলায় ২০১১ সালের ২৭শে জানুয়ারি জামিন পান ড. ইউনূস। পরে মামলাটি বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে যান তিনি। হাইকোর্ট সেই সময় রুল জারি করে মামলার কার্যক্রম স্থগিত করেন। আজ সেই রুলের শুনানি শেষে চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৫ই আগস্ট রাষ্ট্র ক্ষমতায় বসার পর থেকে ড. ইউনূসের নামে যত অনিয়ম, দুর্নীতি, অর্থপাচার ইত্যাদি মামলা ছিল, সবই একের পর এক বাতিল করছে আদালত। গত ২১শে নভেম্বর শ্রম আদালতের ৫টি ও মানহানির অভিযোগে করা একটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

ভেজাল দইয়ের মামলার বিষয়ে ড. ইউনূসের আইনজীবী তানিম হোসেইন শাওন দাবি করেন, “মামলায় বেশ কিছু ভুল ছিল। তাছাড়া, ড. ইউনূস প্রতিষ্ঠানের চেয়ারম্যান হলেও তার কোনো নির্বাহী ক্ষমতা ছিল না। এরপরও তাকে হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয়েছিল।”

তিনি আরও বলেন, “২০১১ সালে তিনি মামলা বাতিলের আবেদন করেন, যার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি ও স্থগিতাদেশ দেন। আজ সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত মামলাটি বাতিল করেছেন।”

Visited 115 times, 1 visit(s) today