জেলা প্রতিনিধি
শেরপুরের নকলায় শেখ হাসিনা সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্পের উপহারের ঘর থেকে সনাতন ধর্মাবলম্বী শ্রী গোপাল চন্দ্র বিশ্বাসের পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করে সেই ঘরে এক মুসলিম পরিবারকে ওঠানোর অভিযোগ উঠেছে।
উপজেলার ২নং নকলা ইউনিয়নের উত্তর নকলা এলাকার (ডাকাতিয়াকান্দা) আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনাটি ঘটেছে ২রা এপ্রিল, বুধবার সকালে।
সরেজমিনে দেখা যায়, শিশু ও বৃদ্ধসহ ভুক্তভোগী পরিবারের ৪ সদস্য এলাকার এক বাড়ির আঙিনায় খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন।
ভুক্তভোগীদের সাথে কথা বলতে গেলে তারা কান্নায় ভেঙে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে পরিবারের নারী সদস্য বলেন, আমরা ভয়ে কাউকে কিছু বলতে পারি না। কিছু বললে যদি পরিবারের আয়-উপার্জনকারী একমাত্র লোকের (পুরুষ সদস্য) কিছু হয়ে যায়। তখন না খেয়ে মরতে হবে সবাইকে।

গোপাল চন্দ্রের নামে ঘর বরাদ্দের প্রমাণপত্র, বিদ্যুৎ বিলের কপি
ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা গেছে, উত্তর নকলা এলাকার (ডাকাতিয়াকান্দা) এলাকার চন্দ্র বিশ্বাসের ছেলে শ্রী গোপাল চন্দ্র বিশ্বাস ২০২২ সালে শেখ হাসিনা সরকারের উপহার দেওয়া একটি ঘর বরাদ্দ পেয়ে বৃদ্ধ বাবা, স্ত্রী ও এক সন্তানসহ পরিবারের ৪ সদস্য নিয়ে সেখানে বসবাস করে আসছিলেন। হঠাৎ বুধবার সকালে ইউনিয়ন বিএনপির নেতা কনবাদশা জোরপূর্বক শ্রী গোপাল চন্দ্র বিশ্বাসের পরিবরকে তার ঘর থেকে বের করে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী একজন জানান, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক মুরাদুজ্জামান মাসুমের নির্দেশে গোপাল চন্দ্র বিশ্বাসের পরিবারকে ইউনিয়ন বিএনপির নেতা কনবাদশা বের করে দিয়েছে।
উচ্ছেদের কারণ জানতে চাইলে ভুক্তভোগী পরিবারকে জানানো হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রকে জানিয়েই সরকারি ঘর থেকে বের করা হয়েছে।
২নং নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, বিষয়টি শুনেছি। গৃহহীন ওই পরিবারকে আমি নিজে সরকারের উপহারের ঘরের ব্যবস্থা করে দিয়েছিলাম। ঈদের ছুটির পর অফিস খোলা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে কিছু ভিডিও দেখেছি। তাতে খুব খারাপ লাগছে। দ্রুত সময়ের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে যাচাই বাছাই করে ঘরের প্রকৃত মালিককে ঘর বুঝিয়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, ভিডিওতে শুনতে পেলাম আমার নাম ভাঙানো হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এই বিষয়ে কিছুই জানি না। অপরাধীদের বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ভুক্তভোগী পরিবারের লোকজনকে তাদের ঘর প্রাপ্তির বিস্তারিত উল্লেখপূর্বক একটি লিখিত অভিযোগ জমা করার অনুরোধ জানান তিনি।
অসহায় পরিবারের করুণ পরিণতি
