নিজস্ব প্রতিবেদক:
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির সদস্য ও বৈছা নেত্রী দিলশাদ আফরিনকে গ্রেপ্তার করেছে রমনা থানা-পুলিশ।
দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের জন্য বরাদ্দ সরকারি তহবিল থেকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ লুটপাট করা হচ্ছে। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী চক্র ভূয়া কাগজপত্র তৈরি করে এবং ভূয়া আহত-নিহতের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এসব কার্যক্রমে সমন্বয়কদের একটি চক্র সারাদেশে সক্রিয় ছিল বলেও জানা যায়।
সংগঠনের ভেতর থেকেই অনেক নেতাকর্মী অভিযোগ করেছেন, দিলশাদসহ বৈছা আন্দোলনের কয়েকজন প্রভাবশালী নেতা এই টাকার নয়ছয়ের সঙ্গে জড়িত। বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায়, ঘটনার প্রভাব কমাতে গত ৮ এপ্রিল গোপনে দিলশাদ আফরিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়।
সরকারি তহবিলের এমন হরিলুটের ঘটনায় এতদিন কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছিল। তবে দিলশাদের গ্রেপ্তারের মাধ্যমে জাতীয় নাগরিক কমিটি নিজেই এই লুটপাটের প্রমাণ স্বীকার করে নিয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রমনা থানার তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিষয়ে তদন্ত চলছে।”
