সাংবাদিকরা ভুলভাবে ‘পুরনো নথি’কে ‘পুড়ে যাওয়া নথি’ শুনেছেন দাবি আইনজীবিদের

সাংবাদিকরা ভুলভাবে ‘পুরনো নথি’কে ‘পুড়ে যাওয়া নথি’ শুনেছেন দাবি আইনজীবিদের
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২২ এপ্রিল ২০২৫: সাগর-রুনী হত্যা মামলার নথিপত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছে ডিএমপি। মঙ্গলবার ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাগর-রুনী হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পুড়ে যাওয়ার খবর প্রচারিত হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আদালতেও এ ধরনের কোনো তথ্য উপস্থাপন করা হয়নি।”

তিনি আরও জানান, মামলার তদন্তের জন্য আরও ছয় মাস সময় বাড়ানো হয়েছে। তবে ডিবির অধিকাংশ কর্মকর্তার বদলির কারণে পুরনো নথি খুঁজে পেতে সময় লাগছে, যা তদন্তে বিলম্বের কারণ।

এর আগে মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরশাদুর রউফ জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ডিবি অফিসে আগুন লাগার ঘটনায় অনেক রেকর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি স্পষ্টভাবে বলেননি যে সাগর-রুনী মামলার নথি পুড়ে গেছে। তদন্তের গোপনীয়তা রক্ষার্থে তিনি মামলার অগ্রগতি প্রতিবেদন আদালতে উপস্থাপন করেননি।

ডিসি তালেবুর রহমান জানান, রাষ্ট্রপক্ষ নয় মাস সময় চাইলেও বাদীপক্ষ তিন মাস সময়ের প্রস্তাব দেন। পরবর্তীতে আদালত ছয় মাস সময় মঞ্জুর করেন। তিনি আরও বলেন, “কেউ কেউ ‘পুরনো নথি খুঁজে পাওয়া সময়সাপেক্ষ’ বক্তব্যকে ভুলভাবে ‘নথি পুড়ে যাওয়া’ হিসেবে প্রচার করছেন।”

আইনজীবীদের দাবি, আদালতে আলোচনার সময় সাংবাদিকরা ভুলভাবে ‘পুরনো নথি’কে ‘পুড়ে যাওয়া নথি’ হিসেবে গ্রহণ করেছেন, যা এই বিভ্রান্তির কারণ হয়েছে।

ডিএমপি জোর দিয়ে বলেছে, সাগর-রুনী হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে এবং নথি পুড়ে যাওয়ার খবর গুজব ছাড়া কিছুই নয়।

Visited 43 times, 1 visit(s) today