বিসিবি সভাপতি ফারুকের বিরুদ্ধে শতকোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ

বিসিবি সভাপতি ফারুকের বিরুদ্ধে শতকোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ
শেয়ার করুন

বাংলাদেশের ক্রিকেট আছে তলানীর সময়ে। টানা ব্যর্থতায় ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষেও জিততে পারছে না তারা। এরমধ্যে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে বড় ধরণের আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তাছাড়া ক্রিকেটের উন্নয়ন চিন্তা পাশ কাটিয়ে ৮ মাসের দায়িত্ব পালনকালেই বিদেশ সফর করে প্রায় কোটি টাকা খরচ করে ফেলেছেন তিনি।

জাতীয় দৈনিক ইত্তেফাকের এক প্রতিবেদনে প্রকাশ হয়েছে, পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া ফারুক প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার করেছেন। মাত্র তিন মাস সময়ে বিসিবির ফিক্স ডিপোজিট থেকে ১২০ কোটি টাকা ‘এম’ অক্ষরের দুই ব্যাংকে সরিয়ে নিয়েছেন তিনি।

সূত্রের বরাতে ইত্তেফাক বলছে, ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে ফারুক সর্বপ্রথম নজর দেন বিসিবির ১৩০০ কোটির এফডিআরে। স্ট্যান্ডিং কমিটি বণ্টনে কালক্ষেপণ করে নিজের নির্বাহী ক্ষমতা বলে প্রবলেম ব্যাংকে এফডিআর ট্রান্সফারের ব্যবস্থা করেন তিনি।

পত্রিকাটির অনুসন্ধানে সমস্যায় থাকা দুই ব্যাংকে অবিশ্বাস্য লেনদেনের তথ্য পাওয়া গেছে। আগস্টে দায়িত্ব নিয়ে সেপ্টেম্বর-অক্টোবর এই দুই মাসে বিসিবি সভাপতি একটি ব্যাংকে ট্রান্সফার করেন ৫২ কোটি টাকা। শুধু সেপ্টেম্বরেই ৩৩ কোটি টাকা ফিক্সড ডিপোজিট করা হয় এম আদ্যাক্ষরের আলোচিত আরেকটি ব্যাংকে। যার ২৫ কোটি আবার আসে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ফিক্সড ডিপোজিট ভেঙে। একই প্রবলেম ব্যাংক পরের মাস অর্থাৎ অক্টোবরে পায় আরও ১৯ কোটি টাকার এফডিআর।

এসব কাজ করতে বোর্ডের পরিচালনা পর্ষদের ধার ধারেননি ফারুক। দায়িত্ব নেওয়ার পর প্রথম পাঁচ মাসে কোন স্ট্যান্ডিং কমিটি করেননি তিনি, সবগুলো কমিটি রাখেন নিজের অধীনে। সম্প্রতি স্থায়ী কমিটি করে দিলেও গুরুত্বপূর্ণ সব কমিটির প্রধান তিনিই।

বিপিএল গর্ভনিং কাউন্সিলের প্রধান ফারুক। অথচ বিপিএলে এখনো অনেক ক্রিকেটারের পারিশ্রমিক বাকি পড়ে আছে। তিনি কোন রকম ব্যাংক গ্যারান্টি ছাড়া নিজের খাতিরের সূত্রে দল দেন রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি শফিকুর রহমানকে। শফিকুরের বিরুদ্ধে এখনো টাকা না পাওয়ার অভিযোগ করেন ক্রিকেটাররা।

এদিকে গত ৮ মাসে বিদেশ সফর বাবদ বিসিবির কোষাগার থেকে ৮০ লাখ টাকা তুলে নিয়েছেন ফারুক। কয়েকদিন আগে জিম্বাবুয়েতে আইসিসি সভায় যোগ দানের পর দুবাইতে ব্যক্তিগত কাজে কাটান দুই দিন। ব্যক্তিগত এই অবস্থানের খরচও মেটানো হয়েছে বিসিবির একাউন্ট থেকে।

Visited 324 times, 1 visit(s) today