নিজস্ব প্রতিবেদক | ৩০শে এপ্রিল, ২০২৫
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা। এতে উভয় দিকেই যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।
৩০শে এপ্রিল, বুধবার সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত শ্রমিকরা টঙ্গীর এশিয়া পাম্প বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দর।
বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, তারা মার্চ মাসের ২০ দিনের বেতন এখনো পাননি। চলতি মাসের মধ্যে পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। বুধবার সকালে প্রায় ১ হাজার ৫০০ শ্রমিক কাজে যোগ দিয়ে কর্তৃপক্ষের কাছে বেতন চাইলে কোনো সদুত্তর না পেয়ে তারা সড়কে নেমে প্রতিবাদ জানান।
এ বিষয়ে সিজন্স ড্রেসেস লিমিটেডের মালিকপক্ষ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরও জানান, খবর পেয়ে থানা পুলিশ, শিল্প পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বেলা সোয়া ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
