নিজস্ব প্রতিবেদক
দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন বাদুরিয়া গ্রামে চক্ষু চিকিৎসকের চেম্বারে সশস্ত্র হামলা ও ভাঙচুর করেছে যুবদলের সন্ত্রাসীরা।
গতকাল সন্ধায় উপজেলার কুঠিরহাট বাজারের পাশে চক্ষু চিকিৎসক ডা. গোলাম রসুল সুমনের চেম্বারে এ ঘটনা ঘটে।
সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নিজ বাড়ীতে রোগী দেখছিলেন চক্ষু চিকিৎসক ডা. গোলাম রসুল সুমন। এসময় স্থানীয় আড়কাইম গ্রামের পাটোয়ারী বাড়ীর ইব্রাহিম ও তার সহযোগী নুর হায়দারসহ কয়েকজন রোগী দেখা অবস্থায় চিকিৎসকের চেম্বারে প্রবেশের চেষ্টা করেন।
এসময় চিকিৎসকের সহকারি একটু অপেক্ষা করতে অনুরোধ করলে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন ও তার সহযোগিরা বাক-বিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে চিকিৎসকের চেম্বারে ভাঙচুর চালান। এতে বসতবাড়ির দরজা, জানালা ভাঙচুর, সিসিটিভি ক্যামেরা, মনিটর, সিলিংফ্যানসহ ঘরের আসবাপত্র ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
প্রতিহত করতে গিয়ে সন্ত্রাসীদের মারধরে আহত হন চিকিৎসকের বড় বোন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিবি মরিয়ম।

সোনাগাজী উপজলো যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন
ডা. গোলাম রসুল সুমন জানান, যুবদলের লোকজন কিছুদিন যাবৎ নানান উপায়ে চাঁদা দাবি করে আসছিলেন। না দেওয়ায় তারা ক্ষিপ্ত হন। শুক্রবার চেম্বারে এসে যুবদলের নেতাকর্মীরা তার সাথে অশোভন আচরণ করেন এবং মারতে উদ্যত হন। একপর্যায়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই চেম্বার ও বসতবাড়িতে ভাঙচুর চালান।
এক মাস পূর্বেও তারা চেম্বারে এসে ভয়ভীতি দেখিয়ে গেছেন বলে জানালেন এই চিকিৎসক।
এদিকে, হামলার খবর পেয়ে বাংলাদেশ সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. নিজাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে ভুক্তভোগীর তরফে এখনও কোন লিখিত অভিযোগ করা হয়নি।
