এসআই সেজে থানায়: কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা, উদ্ধার পুলিশের আরও পোশাক-সরঞ্জাম

এসআই সেজে থানায়: কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা, উদ্ধার পুলিশের আরও পোশাক-সরঞ্জাম
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় বোরকার ভেতরে পুলিশের ইউনিফর্ম পরে ছদ্মবেশে থানায় প্রবেশের সময় তানিয়া (২৭) নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটক তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা এবং আবু তালেবের মেয়ে।

জানা গেছে, পাওনা টাকার বিষয়ে অভিযোগ জানাতে জয়দেবপুর থানায় আসেন তানিয়া। এসময় তিনি পুলিশের ইউনিফর্ম পরে নিজেকে নারী উপপরিদর্শক (এসআই) পরিচয় দেন এবং এক কনস্টেবলকে ‘স্যার’ সম্বোধন করায় কর্তব্যরত অফিসারের সন্দেহ জাগে। পরে নারী পুলিশ সদস্যের সহায়তায় তানিয়াকে তল্লাশি করা হয়।

এসময় তিনি স্বীকার করেন, তিনি পুলিশের সদস্য নন।

পুলিশ জানায়, তার কাছ থেকে পুলিশের একটি ইউনিফর্ম জব্দ করা হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাসায় অভিযান চালিয়ে জিএমপির পোশাকসহ পুলিশের ব্যবহৃত আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে জানা যায়, তানিয়া নিয়মিত পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। সেসব ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করতেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কোথা থেকে পেয়েছে, বা কোনো অপরাধে জড়িত ছিল কি না— তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।

Visited 6 times, 1 visit(s) today