নিজস্ব প্রতিবেদক
টাকার জন্য বারবার ঘুরতে ঘুরতে অতিষ্ঠ হয়ে রাজধানীর শাহবাগে জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর করে তাণ্ডব চালিয়েছেন জুলাই আহতরা।
আজ মঙ্গলবার সন্ধ্যার পর জুলাই অফিস কক্ষে প্রথমে তালা লাগানো হয়। পরে ফাউন্ডেশনের কর্মচারীদের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে উপস্থিত ২০-২৫ জন জুলাই আহত সেখানে ভাঙচুর চালান।
খোঁজ নিয়ে জানা যায়, আহতদের দ্বিতীয় ধাপের টাকা দেওয়ার নামে ৩/৪ বার ঘোরানো হয়েছে। এরপর আজ টাকা দেওয়ার তারিখ দিয়েছিল। কিন্তু আজও টাকা দেওয়া হয়নি। তাই তাদের মাথা ঠিক ছিল না বলে জানান কয়েকজন।
টাকা পেতে চিকিৎসাধীন আহতরা দুপুরের পর অফিসে যান। ৩/৪ ঘণ্টা অপেক্ষার পর সন্ধ্যায় ফাউন্ডেশনের সিইও কামাল আকবর জানালেন আজ টাকা দিতে পারবেন না। এ কথা শুনে আহতরা ক্ষুব্ধ হয়ে অফিসে তালা লাগিয়ে দেন। এরপর এক কর্মচারী আহতদের সাথে ‘বেয়াদবি’ করেছে অজুহাতে সেখানে ভাঙচুর চালানো হয়।
সরেজমিনে দেখা যায় অফিস কক্ষে অনেক চেয়ার এলোমেলো পড়ে আছে। পানির ফিল্টার ও ৩টি দরজার ভারী কাচ ভেঙে ফেলা হয়েছে। মেঝেতে কাচের টুকরা ছড়িয়ে–ছিটিয়ে আছে।
সাইফুল আলম নামে এক জুলাই আহত বলেন, ফাউন্ডেশনের এক কর্মী তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বললে সবাই অফিসে ভাঙচুর চালান। আমাদের জন্যই এই ফাউন্ডেশন। আমরা টাকার জন্য এখানে আবেদন করি। কিন্তু এখানে আসার পর টাকা দেওয়ার নামে আমাদের বারবার ঘোরানো হয়।
তিনি বলেন, আমার পেছনে গুলি, চিকিৎসা নিচ্ছি, হাঁটতে পারিনা, বসতে পারিনা। আজ এখানে কর্মচারীরা আমাদের সাথে বেয়াদবি করছে, রাস্তায়ও কেউ সম্মান দেয় না। এখানে টাকার জন্য ঘুরছি দিনের পর দিন। কেউ আমাদের পাত্তা দিচ্ছে না।
ইকবাল হোসেন নামে আরেক আহত বলেন, ৭ মাস ধরে টাকার জন্য ঘুরছি। যাদের কানেকশন আছে, ঘুষ-টুশ দিতে পারে, ভেতরের লোকদের সাথে সুসম্পর্ক আছে, তাদের আগে টাকা দেয়। আমরা এতিমের মত ঘুরছি, টাকা পাই না। সিইও কামাল সাহেব বারবার ডেট দিয়েও আমাদেরকে টাকা দেন না। আমরা কি ফকিন্নি?
ফাউন্ডেশনের সিইও কামাল আকবর বলেন, অনেকেরই মানসিক সমস্যা আছে। ভাঙচুরের কারণ এটাই। তারা তাদের ভবিষ্যতে নিয়ে উদ্বিগ্ন, তাই হতাশা থেকে ভাঙচুর করছেন।
টাকা না দিয়ে বারবার ঘোরানোর বিষয়ে তিনি বলেন, তাদের সব আব্দার পূরণ করা কঠিন। যারা একটু বেশি আহত, তাদের প্রথম ধাপে টাকা দেওয়া হয়েছে। বাকিদেরকেও ধাপে ধাপে দেওয়া হবে। আমরা চেষ্টা করছি দ্রুত সমাধান করার।
ফাউন্ডেশনে ৭ কোটি টাকা আছে বলে তথ্য দিলেন কামাল আকবর। তালিকায় অনেক ভুয়া আহত, ভুয়া শহীদ ঢুকে গেছে, তাদের নাম বাদ দিতে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
