শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচ ওডিআই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৯৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে ২-১ ব্যবধানে সিরিজ হাতছাড়া হলো টাইগারদের। সিরিজের দ্বিতীয় ওডিআই জিতে সমতা ফেরানোর পর, শেষ ম্যাচে কোন পর্যায়েই শ্রীলঙ্কার সঙ্গে টক্কর দিতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল।
মঙ্গলবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। স্বাগতিকরা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রানের একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১২৪ রান করেন কুশল মেন্ডিস। অধিনায়ক চারিথা আসালাঙ্কাও করেন ফিফটি।
জবাবে ব্যাট করতে নেমে ২০ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর তাওহিদ হৃদয় নেমে এক প্রান্ত ধরে রাখলেও তার ভেতর দলকে জেতানোর তাড়না খুব একটা ছিলো না। আরেক পাশে পড়তে থাকে উইকেট, পতনের ধারা চলতে থাকায় আর ম্যাচে ফিরতে পারেনি। দলের টপ এবং মিডল অর্ডার ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত, বাংলাদেশ ৩৯.৪ ওভারে মাত্র ১৮৬ রানে অলআউট হয়ে যায়। ফলে ৯৯ রানের বিশাল হার নিয়ে মাঠ ছাড়ে তারা। এই ম্যাচে হৃদয় ৫৩০ করতে খেলেন ৭৮ বল। তার এমন প্রশ্নবিদ্ধ ইনিংস দলের কোন কাজে লাগেনি
এই জয়ের মাধ্যমে শ্রীলঙ্কা ঘরের মাঠে টানা অষ্টম ওডিআই সিরিজ জয় নিশ্চিত করেছে। অন্যদিকে, বাংলাদেশের জন্য এটি ছিল একটি সুযোগ, যা তারা কাজে লাগাতে পারেনি। সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় পেলেও, শেষ ম্যাচের এমন পারফরম্যান্স দলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজও হারল টাইগাররা।
