লিটনের দারুণ ফিফটি, শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে সিরিজে ফিরল বাংলাদেশ

লিটনের দারুণ ফিফটি, শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে সিরিজে ফিরল বাংলাদেশ
শেয়ার করুন

প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ, বাঁচা-মরার লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ালো লিটন দাসের দল। দলকে সিরিজে ফেরাতে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক নিজে। করলেন ঝড়ো ফিফটি, পরে বোলাররা দেখালেন ঝাঁজ।

রোববার ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে লিটনের ৫০ বলে ৭৬ রানে ভর করে ১৭৭ করে বাংলাদেশ, জবাবে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল।

বড় রান তাড়ায় নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনরা একের পর এক উইকেট ফেলতে থাকেন। লঙ্কান ব্যাটারদের মধ্যে পাথুম নিশানকা ৩২ ও দাসুন শানাকা করেন ২০। এর বাইরে আর কেউ দুই অঙ্কেই যেতে পারেননি।

টস হেরে ব্যাট করতে নেমে ৭ রানেই দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিলো বাংলাদেশ। বিপদে পড়া দলকে এরপর টানতে থাকেন লিটন। তাওহিদ হৃদয়কে নিয়ে ৫৫ বলে তিনি যোগ করেন ৬৯ রান।

পরে পঞ্চম উইকেটে শামীম হোসেনকে নিয়ে ৩৯ বলে আরও ৭৭ রান আনেন লিটন। এই জুটিতে শামীম ছিলেন অগ্রণী। লিটন তার ৭৬ রানের ইনিংসে ১ চারের সঙ্গে মারেন ৫ ছক্কা। শামীম ২৭ বলে ৪৮ করেন ৫ চার, ২ ছক্কায়।

Visited 10 times, 1 visit(s) today