নিজস্ব প্রতিবেদক
জুলাইয়ে সহিসংতা ঘটাতে গিয়ে নিহত আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ সারাদেশে আন্দোলনে নিহতদের কেন “জাতীয় শহীদ” এবং সংস্কার কার্যক্রমে সফলতার জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে “জাতীয় সংস্কারক” কেন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
আজ এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে জানতে চাওয়া হয়েছে, আন্দোলনে নিহতদের প্রকৃত ও নির্ভরযোগ্য তালিকা করে তা গেজেট আকারে প্রকাশের কেন নির্দেশ দেওয়া হবে না। একইসাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নতুন বাংলাদেশের “জাতীয় সংস্কারক” কেন ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে, গত ২৫শে জানুয়ারি এ বিষয়ে পদক্ষেপ চেয়ে সরকার সংশ্লিষ্টদেরকে লিগ্যাল নোটিশ পাঠান ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ইমদাদুল হক।
এরপর গত ১৯শে ফেব্রুয়ারি ড. ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা, নিহতদের প্রকৃত তালিকা প্রকাশ ও তাদের জাতীয় শহিদ হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে রিট করেন তিনি।
