বাল্যবিয়ে প্রতিরোধের নামে বাড়িতে ঢুকে চাঁদাবাজি-ছিনতাই, সমন্বয়কদের গণধোলাই

বাল্যবিয়ে প্রতিরোধের নামে বাড়িতে ঢুকে চাঁদাবাজি-ছিনতাই, সমন্বয়কদের গণধোলাই
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরুপনগর মহল্লায় বাল্যবিয়ে প্রতিরোধের নামে বাড়িতে ঢুকে চাঁদা দাবি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের সমন্বয়ক সোহেল রানা (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় স্থানীয়রা তাকে গণধোলাই দেয়।

আটক সোহেল শহরের নয়াগোলা মহল্লার বাসিন্দা। ঘটনার সময় তার সঙ্গে থাকা আরও তিন যুবক পালিয়ে যায়।

৩১শে জুলাই, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত আলীর বাড়িতে চার বৈছা সমন্বয়ক প্রবেশ করে। তারা অভিযোগ তোলে, ওই বাড়িতে বাল্যবিয়ে হচ্ছে। এরপর তারা চাঁদা দাবি করে এবং নারীদের মারধর করে গলা থেকে দুটি সোনার চেইন ছিনিয়ে নেয়। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে এক যুবককে ধরে গণধোলাই দেয়।

এসময় অন্য তিন সমন্বয়ক পালিয়ে যায়। পরে সোহেল রানাকে পুলিশে সোপর্দ করা হয়।

পরে পুলিশ সোহেল রানাকে থানায় নিয়ে যায়। সমন্বয়কদের হাতে আহত ওই বাড়ির দুই নারীকে জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাড়ির মালিক লিয়াকত আলী জানান, ১লা আগস্ট, শুক্রবার তার মেয়েকে একটি পাত্রপক্ষ দেখতে আসার কথা ছিল। যুবকদের আচরণ ও বাল্যবিয়ের অভিযোগ তোলায় তার সন্দেহ হয়। তারা নিজেদের এলাকার ছেলে দাবি করে বিয়ের জন্য ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বৈছা সমন্বয়করা বাড়িতে ঢুকে চাঁদা দাবি ও ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Visited 9 times, 1 visit(s) today