নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে নির্বাচন দিতে পারলে জনগণ বিএনপিকেই সরকার গঠনের দায়িত্ব দেবে। আর সেই আশঙ্কায় বিএনপির বিজয় ঠেকানোর অপচেষ্টা চলছে। বিভিন্ন পক্ষ একপ্রকার অন্তর্ঘাতমূলক রাজনীতির মাধ্যমে বিএনপিকে ঠেকানোর ষড়যন্ত্র করছে।
২১শে আগস্ট, বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান অভিযোগ করেন, আন্দোলনের সহযোদ্ধাদের অনেকেই গণতন্ত্রের কথা বললেও তাদের কথাবার্তা ও শর্ত জনগণকে বিভ্রান্ত করছে। রাজনীতিকে রাজনীতির মাধ্যমেই মোকাবিলা করা উচিত। কিন্তু তারা সেটা না করে ষড়যন্ত্র করছে।
নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে তারেক রহমান বলেন, বিশ্বের কিছু দেশে এ পদ্ধতি থাকলেও বাংলাদেশের বাস্তবতায় এটি এখনো গ্রহণযোগ্য নয়। কারণ এতে জনগণ জানতেই পারবে না, তারা কাকে ভোট দিচ্ছে। জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করতে হলে প্রত্যক্ষভাবে ভোট দেওয়ার পদ্ধতিই সবচেয়ে উপযুক্ত।
