নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে রোগী বহনকারী অ্যাম্বুল্যান্সের ভিতর মানসিক ভারসাম্যহীন এক তরুণী ধর্ষিত হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত অ্যাম্বুল্যান্স চালক মুরাদ হোসেনকে আটক করেছে পুলিশ। চাঁদপুর শহরের প্রফেসরপাড়ার বাসিন্দা মোস্তফা বেপারীর ছেলে অ্যাম্বুল্যান্স চালক মুরাদ হোসেন।
শুক্রবার গভীর রাতে সদর উপজেলার গাছতলা এলাকায় আঞ্জুমান নামে একটি অ্যাম্বুল্যান্সে ওই মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে চালক।
এদিকে, মানসিক ভারসাম্যহীন তরণী ধর্ষিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন, চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। ধর্ষিতার পরিবার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন তমন আইনে ধর্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পুলিশ ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে।
জানা গেছে, প্রায় ২৪ বছরের মানসিক ভারসাম্যহীন ওই তরুণী ওই সময় সড়কে ঘোরাঘুরি করছিলেন। এসময় তাকে একা পেয়ে অ্যাম্বুল্যান্স চালক তার খালি গাড়িতে প্রলোভন দেখিয়ে তুলে নেয়। একপর্যায়ে চাঁদপুর সদর উপজেলার গাছতলার নির্জন এলাকায় নিয়ে এসে অ্যাম্বুল্যান্সের ভেতর জোরপূর্বক ধর্ষণ করে।
এসময় টহল পুলিশের নজরে আসে অ্যাম্বুল্যান্সটি। অ্যম্বুলেন্সের ভিতর অস্বাভাবিক শব্দ অনুভব করে পুলিশ তল্লাশি চালায়। তখনই ধরা পড়ে ধর্ষণের ঘটনা। তখন চালককে আটক করে ও ধর্ষিতা তরুণীকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
সহকারী উপপরিদর্শক এবাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী তরুণীর এক নিকট আত্মীয় জানান, মানসিক সমস্যার পর থেকে বাড়ির কাউকে কিছু না বলে যখন তখন তরুণী এদিক-সেদিক চলে যায়। একইভাবে শুক্রবারও বাড়ি থেকে চলে যায়। তারপরই শনিবার ভোরে আমাদের কাছে খবর আসে। তাকে সর্বনাশ করা হয়েছে। টহল পুলিশ তাকে উদ্ধার করেছে।
