নিজস্ব সংবাদদাতা
বরগুনার আমতলীতে সাবেক স্বামীকে শায়েস্তা করতে ভাড়া করা কিশোর গ্যাং ব্যবহার করেন তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু আক্তার। তবে পরিকল্পনা বাস্তবায়নের কিছুক্ষণের মধ্যেই পুলিশ প্রাক্তন স্ত্রীসহ তিন কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
ঘটনাটি ঘটে রোববার রাতে উপজেলার চাওড়া ইউনিয়নের উরশিতলা গ্রামে।
গ্রেপ্তারকৃতরা হলো—লাইজু আক্তার (২৪) এবং তিন কিশোর গ্যাং সদস্য- মো. শাকিল (১৯), মো. রাকিবুল (১৯) ও ওলি হাওলাদার (১৯)।
আমতলী থানা পুলিশ জানায়, কুকুয়া ইউনিয়নের হরিমৃতুঞ্জয় গ্রামের মোস্তফা কাজীর মেয়ে লাইজুর সঙ্গে একই ইউনিয়নের পূর্ব কুকুয়া গ্রামের ফরহাদ হোসেন জয় মুছল্লির প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। বিয়ের এক বছর পর দাম্পত্য জীবনে কন্যা সন্তানের জন্ম হলেও পরবর্তীতে তাদের সম্পর্কে ফাটল ধরে। শেষ পর্যন্ত ২০২৩ সালে বিচ্ছেদ হয়। এরপর লাইজু আমতলী শহরের একটি ভাড়া বাসায় থাকতেন। ফরহাদ মাঝে মধ্যে মেয়েকে দেখতে সেখানে আসতেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় পূর্বপরিকল্পনা অনুযায়ী লাইজু ফোন করে ফরহাদকে জানান যে তাদের মেয়ে বাবার সঙ্গে দেখা করতে চায়। ফরহাদ নির্ধারিত স্থানে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন কিশোর গ্যাং সদস্য তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে ফরহাদ মাটিতে লুটিয়ে পড়লে তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
রাতেই ফরহাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে লাইজুকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অপর তিনজনকে আটক করা হয়।
সোমবার সকালে চারজনকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক ইফতি হাসান তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ভুক্তভোগী ফরহাদ ইসলাম জয় অভিযোগ করে জানান, ২০১৬ সালে লাইজুর সঙ্গে তার বিয়ে হলেও তিনি দীর্ঘ ছয় বছর বিদেশে ছিলেন। অনুমতি ছাড়া বিদেশ যাওয়ার অজুহাতে গত ২৫শে জুলাই তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই লাইজু তাকে হত্যার পরিকল্পনা করে আসছিলেন।
তিনি আরও বলেন, “রোববার সন্ধ্যায় লাইজু ফোনে জানায়, আমাদের মেয়ে বাবার সঙ্গে কথা বলতে চায়। সরল বিশ্বাসে আমি গেলে লাইজু ও ভাড়াকৃত কিশোর গ্যাং সদস্যরা আমাকে ঘিরে ফেলে এবং বেদম মারধর করে। স্থানীয় এক ব্যক্তির উপস্থিতিতে হত্যাচেষ্টা ব্যর্থ হলেও তারা আমার মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।”
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “ফরহাদের অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে সাবেক স্ত্রী লাইজু আক্তার ও ভাড়া করা তিন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।”
