নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে চার যুবককে ধরে গণপিটুনির ঘটনা ঘটেছে। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে, বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। টানা কয়েক দিনের ব্যবধানে এ ধরনের একাধিক ঘটনা স্থানীয়দের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এবং বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নবীনগর সাঁকোর পাড়ে কাছাকাছি স্থানে গণপিটুনির শিকার হন চার যুবক। পরে তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুজন (২১) এবং হানিফ (২০) নামের দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনও একই হাসপাতালে ভর্তি আছেন।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক জানান, নিহত ও আহতরা ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে পুরোপুরি। মব সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি, কুপিয়ে আহত করা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অন্য এলাকা থেকে কেউ মোহাম্মদপুরে যেতে চান না এসব ভয়ে। এমনকি সিএনজিচালিত অটোরিকশাও এই এলাকা এড়িয়ে চলে।
এর আগে, গত সোমবারও মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের পাশে বুড়িগঙ্গা নদীর তীরে গণপিটুনিতে ইয়ামিন (২৩) নামের এক যুবক নিহত হন এবং আরও একজন আহত হন।
টানা এসব ঘটনায় বিশেষজ্ঞ ও সাধারণ মানুষ মনে করছেন, এলাকায় অপরাধপ্রবণতা যেমন বেড়েছে, তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।
