জেলা প্রতিনিধি
সিলেটের গোপালগঞ্জে মব সৃষ্টি করে সাংবাদিক আব্দুল আহাদকে ‘ডেভিল’ আখ্যা দিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয়ভাবে সন্ত্রাসী ও চাঁদাবাজ খ্যাত কাওসার নামের এক যুবক।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের শাস্তি দাবি করেছেন।
রোববার নিজের ফেসবুক পেজে ‘মব সন্ত্রাসের শিকার সাংবাদিক আহাদ’ শিরোনামে দেওয়া পোস্টে আহমেদ আবু জাফর ঘটনার বিবরণ দেন।
তিনি বলেন, দীর্ঘদিন পেশাদার সাংবাদিকতা করা আব্দুল আহাদকে মব সৃষ্টি করে ‘ডেভিল’ বলে অবমাননা করা হয়েছে। তাকে দীর্ঘ রাস্তা দৌড়াতে বাধ্য করা হয়েছে, এবং শেষ পর্যন্ত খাল পার হয়ে প্রাণে বেঁচেছেন। এটা যদি হয় গণমাধ্যমকর্মীদের প্রতি মানুষের দুর্ব্যবহার, তাহলে সাংবাদিকরা নিরাপদ কোথায় থাকবে?
তিনি আরও বলেন, আব্দুল আহাদ দীর্ঘ ৩০ বছর ধরে সাংবাদিকতা করছেন এবং সকল রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। তাই তাকে ‘ডেভিল’ বলা ও এই ধরনের লাঞ্ছিতকরণ অযৌক্তিক ও দুঃখজনক।
এই সময়ে যারা ভিন্নমতাবলম্বী, তাদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে এটা একটা উদাহরণ বলে মনে করেন তিনি।
আহমেদ আবু জাফর আরও জানান, ‘মব সৃষ্টিকারী কাওসার নামের ওই যুবক পুলিশকে ভয় দেখিয়ে সাংবাদিক আহাদকে বিভিন্ন জায়গায় দৌড়িয়েছেন এবং ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছেন। পুলিশও তাকে ভয়ভীতি দেখিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছিল। এ ঘটনায় আহাদের শারীরিক ও মানসিক ক্ষতি হয়েছে।’
তিনি বলেন, ‘আইন কারো হাতে তুলে নেওয়ার ক্ষমতা রাষ্ট্র কাউকে দেয়নি। কাওসারের পরিচয় নিশ্চিত করে দ্রুত তাকে আইনের আওতায় এনে বিচার করা প্রয়োজন।’
জানা গেছে কাউসার স্থানীয়ভাবে চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। গত বছরের ৫ই আগস্টের পর থেকে সে আওয়ামী লীগের দোসর বা ডেভিল আখ্যা দিয়ে বিভিন্ন মানুষের ওপর শারিরিক-মানসিক নির্যাতন করছে। মব হামলার ভয় দেখিয়ে জোরপূর্বক অর্থ আদায় করছে সে।
