শারদীয় দুর্গাপূজায় শেখ হাসিনার বাণী: সংকট কাটিয়ে বাংলাদেশ ফিরে পাবে মুক্তি ও সম্প্রীতি

শারদীয় দুর্গাপূজায় শেখ হাসিনার বাণী: সংকট কাটিয়ে বাংলাদেশ ফিরে পাবে মুক্তি ও সম্প্রীতি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তিনি বলেছেন, উৎসবমুখর বাংলাদেশ আজ ঘনঘোর সংকটের মধ্য দিয়ে গেলেও, এই অবস্থা কাটিয়ে মানুষ আবারও মুক্তি লাভ করবে—এটাই আওয়ামী লীগের প্রত্যাশা।

তিনি বলেন, “আনুষ্ঠানিকতা ও প্রার্থনার পাশাপাশি উৎসবের সামাজিক-সাংস্কৃতিক দিক আমাদের সবার জন্য প্রাসঙ্গিক। এখানেই উৎসব হয়ে ওঠে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সর্বজনীন।”

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ সবসময় একে অপরের পাশে থেকে আনন্দ ভাগাভাগি করেছে এবং সহমর্মিতার সাথে মানবিক দায়িত্ব পালন করেছে।

তবে তিনি অভিযোগ করেন, আজ দেশের মানুষ কুচক্রী মহল ও ধর্মান্ধ গোষ্ঠীর কাছে বন্দি হয়ে আছে।

শেখ হাসিনা বলেন, “মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে রাজনীতির উন্মত্ত খেলায় তারা দেশ ধ্বংসে উদ্যত। বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই তা প্রতিহত করবে।”

আওয়ামী লীগ সভাপতি আরও স্মরণ করিয়ে দেন, অতীতে পারিবারিক পূজা বেশি হলেও বর্তমানে বারোয়ারি দুর্গাপূজা বৃদ্ধি পেয়েছে।

তিনি উল্লেখ করেন, গত বছরের ৫ই আগস্টের পর সনাতন ধর্মাবলম্বীদের ওপর চালানো বহুমাত্রিক তাণ্ডবে পুরো পৃথিবী বিস্মিত হয়েছে।

তবুও শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, “ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতনের এই বীভৎস সময়ের মধ্যেও আমি বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভকামনা জানাই।”

তিনি আশা প্রকাশ করেন, আসন্ন শারদীয় দিনগুলো অশুভ শক্তি মুছে দিয়ে আনন্দঘন উৎসবে ভরে উঠবে। আগামীর বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় উৎসবের বৈচিত্র্যের বাংলাদেশ।

বার্তার শেষে শেখ হাসিনা সবাইকে শুভ শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, “সকল আনন্দ-বেদনায় আমরা থাকব একে অন্যের পাশে।”

Visited 5 times, 1 visit(s) today