নিজস্ব প্রতিবেদক
গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর বলেছেন, এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতাদের আচরণে মনে হচ্ছে তারা যেন সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। মনে হচ্ছে, আমাদের যেন তাদের পেছনে লাইনে দাঁড়াতে হবে, যেন জোট করতেই হবে, মন্ত্রী-টন্ত্রী হতেই হবে।
তিনি বলেন, দেশে এম এমন পরিস্থিতি আসতে পারে যাতে এনসিপি হারিয়ে যেতে পারে, অনেকে দেশেও থাকতে পারবে না।’ সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি এনসিপিকে ব্যঙ্গ করে আরও বলেন, গ্রামে একটা কথা আছে অল্প পানির মাছ হঠাৎ বেশি পানিতে পড়লে দিশেহারা হয়ে যায়। আবার কেউ অল্প পয়সার মানুষ হঠাৎ ধনী হলে, সেটা দেখানোর জন্য বিড়াল-কুকুর নিয়ে রাস্তায় ঘোরে। এনসিপিরও এই দশা হয়েছে।
এনসিপি নেতাদের কিছু আচরণ ও বক্তব্য নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, আমি দেখলাম আমাদের কিছু সহকর্মী ও সমসাময়িক বন্ধু, যাদের একসময় আমরা ভাই মনে করতাম, তাদের বক্তব্যে এমন একটা ঔদ্ধত্য ফুটে উঠছে যা স্পষ্ট করে যে তারা গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হতে চায় না। তাদের মূল উদ্দেশ্য নিজেদের নেতাগিরি টিকিয়ে রাখা।
নূর উল্লেখ করেন, এনসিপির নেতৃত্বে থাকা আখতার ও নাহিদ দুজনই ২০১৯ সালে ছাত্র অধিকার পরিষদের অধীনে নুরুল-রাশেদ-ফারুক প্যানেল থেকে নির্বাচন করেছিলেন এবং তাদের নেতৃত্ব মেনে নিয়েছিলেন।
তিনি আরও জানান, অসুস্থতা সত্ত্বেও তিনি এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হবার আলোচনায় অংশ নিয়েছেন। আলোচনায় অনেক শীর্ষ নেতা একমত হয়েছেন যে, তরুণরা রাজনীতিতে জায়গা না পেলে পুরানো ধাঁচের রাজনীতি আবারও আধিপত্য বিস্তার করবে।
