লিটারে ১৩ টাকা বাড়ানো হলো ভোজ্যতেলের দাম, কার্যকর কাল থেকে

লিটারে ১৩ টাকা বাড়ানো হলো ভোজ্যতেলের দাম, কার্যকর কাল থেকে
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে ভোজ্যতেলের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম আগামীকাল (১৪ই অক্টোবর) থেকে কার্যকর হবে।

সংস্থাটির নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবের কারণে এ সমন্বয় করা হয়েছে।

নতুন দামে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯৫ টাকা এবং পাঁচ লিটার বোতলের দাম ৯৪৫ টাকা। খোলা সয়াবিন তেল লিটারপ্রতি বিক্রি হবে ১৭৭ টাকায়, আর খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৩ টাকা।

বর্তমানে বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৭৪ টাকা এবং পাম তেল ১৫০ টাকায় বিক্রি হচ্ছিল। ফলে এবার লিটারপ্রতি ৩ থেকে ১৩ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা অনতিবিলম্বে কার্যকর হবে।

Visited 6 times, 1 visit(s) today