এনসিপির পর আবারও রাষ্ট্রীয় প্রতীক ‘শাপলা’ ফেরত চায় নিবন্ধিত দল বাংলাদেশ কংগ্রেস

এনসিপির পর আবারও রাষ্ট্রীয় প্রতীক ‘শাপলা’ ফেরত চায় নিবন্ধিত দল বাংলাদেশ কংগ্রেস
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে ‘শাপলা’ প্রতীক নিয়ে টানাপোড়েন চলার মধ্যেই এবার একই প্রতীক দাবি করেছে নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস।

আজ ১৩ই অক্টোবর, সোমবার নির্বাচন কমিশনে ডাব প্রতীকের পরিবর্তে শাপলা প্রতীক চেয়ে আবেদন জমা দেন দলটির দপ্তর সম্পাদক তুষার রহমান। আবেদনপত্রে স্বাক্ষর করেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব মো. ইয়ারুল ইসলাম।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কংগ্রেস তাদের রাজনৈতিক প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করে আসছে।

“২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই আমাদের প্রথম প্রচারপত্র, ব্যানার, পোস্টার, এমনকি দলীয় লোগোতেও শাপলার উপস্থিতি ছিল,” বলেন তুষার রহমান।

তবে ২০১৭ সালে নিবন্ধনের সময় নির্বাচন কমিশন জানিয়েছিল, জাতীয় প্রতীক হিসেবে শাপলা দলীয় প্রতীক হিসেবে ব্যবহারযোগ্য নয়। কমিশনের নির্দেশনা মেনে দলটি তখন ‘বই’ প্রতীক প্রস্তাব করেছিল। কিন্তু পরে গেজেটভুক্ত না হওয়ায় শেষ পর্যন্ত তারা ‘ডাব’ প্রতীক পায়।

মহাসচিব মো. ইয়ারুল ইসলাম বলেন, “আমরাই শাপলা প্রতীকের মূল দাবিদার। নির্বাচন কমিশন যদি কোনো দলকে এই প্রতীক দেয়, তাহলে বাংলাদেশ কংগ্রেসকেই দিতে হবে। অন্যথায় আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।”

এর আগে এনসিপিও শাপলা প্রতীক দাবি করে নির্বাচন কমিশনে একাধিক চিঠি দিয়েছে এবং জানিয়েছে, শাপলা না পেলে তারা আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে না।

Visited 7 times, 1 visit(s) today