জুলাই যোদ্ধাদের দিয়ে সনদ অনুষ্ঠান পণ্ডের পিছনে আওয়ামী লীগ থাকার দাবি এনসিপির, নাটক বলছে বিএনপি

জুলাই যোদ্ধাদের দিয়ে সনদ অনুষ্ঠান পণ্ডের পিছনে আওয়ামী লীগ থাকার দাবি এনসিপির, নাটক বলছে বিএনপি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ ভবন এলাকায় তথাকথিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরুর আগে জুলাই সমর্থকদের চালানো হামলার ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার সকালে জাতীয় সংসদ এলাকায় এ হামলা শুরু হলে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন। এ সময় জুলাই সমর্থকরা পুলিশ গাড়ি, ট্রাক ও বাসে ভাঙচুর চালায় এবং আগুন দেয়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই ধরনের পোশাক পরা একদল জুলাই সমর্থক সংসদ ভবনের সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ে এবং মঞ্চে উঠে স্লোগান দিতে থাকে। তাদের হাতে ছিল ‘জুলাই সনদ’-এর দাবিসংক্রান্ত পোস্টার ও ব্যানার।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক (গণমাধ্যম) আরিফুর রহমান তুহিন বলেন, “এই হামলার পেছনে আওয়ামী লীগের নেতৃত্বে থাকা কিছু প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে। তারা ‘জুলাই সনদ’কে বিতর্কিত করতে চায়।”

তিনি আরও বলেন, “জুলাই সনদের ৫ নম্বর দফার মাধ্যমে আওয়ামী লীগ ও তাদের পুলিশ বাহিনী আবারও জুলাই যদ্ধাদের হয়রানির সুযোগ পাচ্ছে। অথচ এই সনদ হওয়ার কথা ছিল তাদের সুরক্ষার প্রতিশ্রুতি হিসেবে।”

এনসিপির দাবি, এই ঘটনা রাজনৈতিকভাবে সাজানো একটি প্রহসন, যার উদ্দেশ্য আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়া। অন্যদিকে বিএনপি এই ঘটনাকে ‘যৌথ নাটক’ বলে অভিহিত করেছে।

বিএনপি নেতা ফয়সাল নূর বলেন, “সংসদ ভবনের মতো নিয়ন্ত্রিত জায়গায় প্রধানমন্ত্রী বা সম-মর্যাদার কোনো ভিভিআইপি আসার আগে কয়েকদিন আগে থেকেই এসএসএফসহ সব বাহিনী নিয়ন্ত্রণ নেয়। সেখানে একই পোশাকে লোক ঢুকে ভাঙচুর চালানো অসম্ভব।”

তিনি আরও বলেন, “এরা শুধু হামলাই করে নাই, ককটেলও ফাটিয়েছে। এটা আসলে ইউনূস, ইসলামের ইজারাদার আর জুলাইয়ের ইজারাদারদের ব্যর্থ নাটক। এই ধরনের সাজানো ঘটনা এখন জনগণ বুঝে ফেলেছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সংসদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Visited 29 times, 1 visit(s) today