শেখ হাসিনা সরকারের আরেক অর্জন: কমলাপুরে ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস উদ্বোধন

শেখ হাসিনা সরকারের আরেক অর্জন: কমলাপুরে ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস উদ্বোধন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনা সরকারের সময়ে শেষ পর্যায়ে থাকা কমলাপুর- টিটিপাড়া আন্ডারপাস উদ্বোধন করা হয়েছে। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে ৮০ ভাগের বেশি কাজ হয়ে গেলেও পরবর্তীতে ধীরগতির কারণে উদ্বোধন হতে আরও এক বছর বেশী সময় লেগেছে।

এ আন্ডারপাস চালুর ফলে কমলাপুর স্টেশন ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের মতিঝিলসহ ঢাকায় ঢুকতে পোহাতে হবে না আর যানজট।

আজ ৮ই নভেম্বর, শনিবার সকালে আান্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লে. যে. অব. আব্দুল হাফিজ। এসময় উপস্থিত ছিলেন আরেক বিশেষ সহকারী শেখ মইন উদ্দিন।

পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় ২০২২ সালে কাজ শুরুর পরে থেকেই এলাকাবাসীকে চরম দুর্ভোগ আর ট্রেন এলেই রেল ক্রসিংয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্টের অবসান হলো।

যদিও কমলাপুরমুখী রাস্তার ওপর মেট্রোরেলের স্টেশন নির্মাণের কাজ চলতে থাকায় এ আন্ডারপাসের পুরোপুরি সুফল পেতে সময় লাগবে।

নিচ দিয়ে ৬ লেনের রাস্তার মধ্যে ৪ লেনে চলবে যান্ত্রিক যানবাহন। ৫ মিটার উচ্চতার গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারবে আন্ডারপাস দিয়ে। আর দুই পাশে রিকশা, সাইকেলের আলাদা লেনের পাশাপাশি পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত।

প্যাডেল চালিত যানবাহনকে যেন বেশি ঢালুতে নামতে না হয় তার জন্য দুই পাশের লেনকে মাঝের ৪ লেনের থেকে উঁচু করা হয়েছে। এখন উপরে রেল আর নিচে অন্যান্য যানবাহন বাধাহীন ভাবে চলাচল করবে।

রোড মার্কিং, মাঝের ডিভাইডারে ফুলের গাছ, সড়কের দুই পাশে ল্যাম্পপোস্ট সবকিছু মিলিয়ে আন্ডারপাসের সৌন্দর্য এখন দৃশ্যমান। তবে এর পেছনে এই এলাকার মানুষের দীর্ঘদিনের সীমাহীন কষ্টের গল্পও আছে।

বিকল্প রাস্তা না থাকার কারণে রাস্তা বন্ধ করে তৈরি করতে হয়েছে আন্ডারপাস। যার কারণে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হয়েছে পথচারী ও যানবাহনগুলোকে। নষ্ট হয়েছে মূল্যবান কর্মঘণ্টা।

Visited 27 times, 1 visit(s) today