স্থানীয় সংবাদদাতা
ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, এমন কথিত অভিযোগে দেশের প্রখ্যাত বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।
আজ ২০শে নভেম্বর, বৃহস্পতিবার মাদারীপুরে একটি গানের অনুষ্ঠানস্থল থেকে আটক করে করে মানিকগঞ্জ নিয়ে আসা হয়।
বিশিষ্ট শিল্পী আবুল সরকার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের বাসিন্দা।
তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন।
পুলিশের ভাষ্য অনুসারে, মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের অনুষ্ঠানে সম্প্রতি আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদ হয়।
এদিকে, প্রখ্যাত বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র অসন্তোষ ও ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। বিনাশর্তে শিল্পীর মুক্তির দাবি জানান তারা।
শাহেদুর রহমান নামে একজন স্কুল শিক্ষক বলেন, বাউল গান ও আধ্যাত্মবাদের মর্ম বুঝতে অক্ষম উগ্রবাদী জঙ্গিদের দাবির মুখে পুলিশ এমন কাজ করল, ভাবাই যায় না। তীব্র নিন্দা জানাই।
ষাটোর্ধ্ব কৃষক মোতালেব হোসেন বলেন, বাউল গানের অর্থ যারা বুঝেনা, তাদের দাবির মুখে আবুল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এটা কেমন আইন? পুলিশ গানবাজনায় বাধা দিতেই এ কাজ করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে ঘিওর থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর হয়েছে বলে জানান তিনি।
