নিজস্ব প্রতিবেদক
জুলাই দাঙ্গার ভাইরাল চরিত্র রিকশাচালক সুজন রাহমানকে ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে মনোনয়ন দিয়ে এনসিপি মূলত বিএনপির সাথে করা আসন-ভাগাভাগির চুক্তি ভঙ্গ করেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান নেতা মির্জা আব্বাসের প্রতিষ্ঠিত আসনে এই ‘অপ্রত্যাশিত’ এবং নিম্নবিত্তের প্রতিনিধি হিসেবে রিকশাচালককে দাঁড় করিয়ে এনসিপি নিজের স্বার্থে বিএনপির সাথে অঘোষিত সমঝোতা ভঙ্গ করেছে বলে দলীয় কর্মীরা অভিযোগ করছেন।
এই ঘটনা বিএনপি-এনসিপি সম্পর্ককে দুর্বল করে দিতে পারে বলে মনে করছেন কেউ কেউ।
গত বছরের সরকারবিরোধী দাঙ্গার সময় রিকশায় দাঁড়িয়ে দাঙ্গাবাজদের স্যালুট দিয়ে ভাইরাল হয়ে যান সুজন। ঢাকার নিম্ন আয়ের মানুষের প্রতিনিধি বানায় তাকে গণমাধ্যম। ঢাকা-৮ আসনে (মতিঝিল-শাহজাহানপুর-রামনা) বিপুল সংখ্যক দরিদ্র মানুষের বাস। রিকশাচালক, দিনমজুরসহ স্বল্প আয়ের মানুষের ভোট টানতে এই স্টান্টবাজিতে নেমেছে, এমনটাই মত বিএনপির কর্মীদের।
গত বুধবার বাংলামোটরের এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী সরাসরি সুজনকে মনোনয়নপত্র হস্তান্তর করেন। সুজন বলেন, “জুলাইয়ের সেই চেতনা নিয়ে আমি লড়ব, যাতে আমাদের মতো সাধারণ মানুষের কণ্ঠ ফুটে ওঠে।”
কিন্তু এই সিদ্ধান্ত বিএনপির জন্য ‘ধোঁকা’র মতোই। গত ৩রা নভেম্বর বিএনপি ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করে, যার মধ্যে ঢাকা-৮-এ মির্জা আব্বাসের নাম ছিল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেন, এই তালিকা জোটের সাথে আলোচনার পর চূড়ান্ত হবে। বিএনপি বিশেষ করে ১০টি আসন এনসিপির জন্য রেখে দিয়েছে, যাতে জুলাই যোদ্ধাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।
কিন্তু ঢাকা-৮-এর মতো একটি কেন্দ্রীয় আসন, যেখানে মির্জা আব্বাস ২০১৮ সালের নির্বাচনে লড়েছিলেন এবং দলের শক্তিশালী ভিত্তি রয়েছে, সেখানে এনসিপির এই পদক্ষেপকে বিএনপির সমর্থকরা ‘বেইমানি’ বলে চিহ্নিত করছেন।
ঢাকা মহানগরের এক বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা জুলাই যোদ্ধাদের সম্মান করে এনসিপিকে আসন দিয়েছি, কিন্তু তারা আমাদের স্থায়ী কমিটির সদস্যের আসন কেড়ে নেবে? এটা জোটের চুক্তির লঙ্ঘন। মির্জা আব্বাসের মতো অভিজ্ঞ নেতাকে এভাবে অপমান করা যায় না।”
মির্জা আব্বাসের পক্ষের কর্মীরা এই সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকার করছেন। তারা দাবি করছেন, এনসিপির এই পদক্ষেপ ঢাকা-৮-এর নিম্ন আয়ের ভোটারদের বিভ্রান্ত করবে এবং জোটের ভোট বিভক্ত হবে।
বিএনপির এক সূত্র জানায়, দল এখন আসন-পরিবর্তনের সম্ভাবনা বিবেচনা করছে, যাতে জুলাই চেতনা এবং দলীয় ঐক্য সংরক্ষিত হয়।
এনসিপির এই ‘ধোঁকা’ কেন?
বিশ্লেষকরা বলছেন, মিডিয়াকে ব্যবহার করে সুজনের যে মেকি জনপ্রিয়তা তৈরি করা হয়েছে, তা এনসিপির ভোট কাস্টিংয়ের কৌশল। এনসিপি নিজেদের জুলাই যোদ্ধাদের প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করিয়ে সুজনকে আইকন সাজিয়ে নিম্নবিত্ত ভোটারদের ভোট সংগ্রহের চেষ্টা করছে। কিন্তু সুজনের কি আদৌ সেই যোগ্যতা আছে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অবদান রাখার মত? কিংবা তার কি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আছে? এমন প্রশ্ন রয়েই যায়।
গতকাল এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিএনপি সমর্থকরা লিখেছেন, “জুলাইয়ের চেতনা বাঁচাতে বিএনপি লড়েছে, এবার এনসিপি সেই চেতনাকে ব্যবহার করে আমাদের পিঠে ছুরি মারছে।”
এই ঘটনা জোটের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে উন্মোচিত করেছে। যদি এনসিপি এভাবে চুক্তি লঙ্ঘন করে, তাহলে বিএনপির অন্যান্য আসনেও প্রভাব পড়তে পারে। মির্জা আব্বাসের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলের সাংগঠনিক শক্তির বিপরীতে সুজনের জনপ্রিয়তা নির্বাচনকে আরও জটিল করে তুলবে।
প্রশ্ন উঠছে: জুলাইয়ের চেতনা কি জোটের অভ্যন্তরীণ অন্তর্ঘাতের কারন হয়ে যাবে? নাকি বিএনপি এই ‘ধোঁকা’র জবাবে নতুন কৌশল নেবে? নির্বাচনের এই প্রাথমিক পর্যায়েই এমন টেনশন জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে।
