প্রথমবারের মতো নারী প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) আলো ছড়াতে পারেন বাংলাদেশের তারকারা। কারণ মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান আগামী ২৭ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ডব্লিউপিএল ২০২৬ নিলামের তালিকায় জায়গা পেয়েছেন।
এই তিনজনই ৩০ লাখ রুপির বেস প্রাইস নিয়ে নিলামে উঠবেন। যদিও তারা আগের সংস্করণগুলোতেও নিলামের তালিকায় ছিলেন, কিন্তু তখন কেউই দল পাননি শেষ পর্যন্ত। এবার ওয়ানডে বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে নজর কাড়া তিন তারকা দল পেতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
চোখ ধাঁধানো গতির জন্য পরিচিত মারুফাই এবার নিলামে সবচেয়ে বেশি নজর কাড়ার সম্ভাবনা রাখেন। নারী বিশ্বকাপ ২০২৫-এ তার দারুণ ইন-সুইং ও শুরুতেই ব্রেকথ্রু এনে দেওয়ার ক্ষমতা বিশ্বজুড়ে দৃষ্টি আকর্ষণ করেছে।
অন্যদিকে স্বর্ণা নিজের বহুমুখী পারফরম্যান্সে মুগ্ধ করেছেন—সাত ম্যাচে ১১৬ রান ও ছয় উইকেট নিয়েছেন তিনি, যার মধ্যে রয়েছে ঝড়ো ৩৪ বলে অর্ধশতক। রাবেয়া খানও পুরো টুর্নামেন্টে সাত উইকেট ও ৮৭ রান করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।
ডব্লিউপিএলের এই মেগা নিলামে মোট ২২৭ জন নিবন্ধিত খেলোয়াড় রয়েছেন, যার মধ্যে ৮৩ জন বিদেশি। অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি ২৩ জন খেলোয়াড় নিয়ে তালিকার শীর্ষে আছে।
