জেলা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কুড়ালের কোপে স্থানীয় এক জামায়াত নেতা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ছাত্রলীগের এক কর্মী জড়িত বলে দাবি করেছেন জামায়াত নেতা।
আহত জামায়াত নেতা আপেল মাহমুদ (৩৫)কে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত একই এলাকার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা ও ছাত্রলীগ কর্মী হাসান মিয়া। গত বছরের আগস্টের পর থেকে জামায়াত নেতার নির্যাতন-নিপীড়নে অতিষ্ঠ হয়ে তিনি এ কাণ্ড ঘটিয়েছেন বলে জানান স্থানীয়রা।
গতকাল ৫ই ডিসেম্বর, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায় ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আপেল মাহমুদ জামায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পলাশবাড়ী পৌর শাখার অর্থ সম্পাদক।
জামায়াত-শিবির কর্মীদের দাবি, আপেল মাহমুদ শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন। গোয়ালপাড়া পৌঁছালে হাসান মিয়া চাইনিজ কুড়াল নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়েন।
এসময় তার চিৎকার-কান্না শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। রক্তাক্ত অবস্থায় আপেলকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি ঘটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, আপেলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাত রয়েছে।
জামায়াত নেতা আপেল মাহমুদ গত বছরের ৫ই আগস্টের পর থেকে হাসান মিয়া এবং তার পরিবারের ওপর জবরদস্তিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। হুমকি-ধমকি এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় করেছেন বলে জানান স্থানীয় একাধিক ব্যক্তি। এসব নিয়ে উভয়পক্ষের বিবাদ চলছিল।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত কুমার বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুপুর পর্যন্ত কোনো লিখিত অভিযোগ না এলেও মামলার প্রস্তুতি চলছে।
