ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামের চূড়ান্ত তালিকায় আছেন সাত বাংলাদেশি ক্রিকেটার। এদের ভেতর মোস্তাফিজুর রহমান ছাড়া আর কারোরই নেই আইপিএল খেলার অভিজ্ঞতা, সাতজন বাংলাদেশিই বোলার।
মঙ্গলবার বিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ মৌসুমের মিনি নিলামের জন্য মোট ১,৩৯০ জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন। যাচাই–বাছাই শেষে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ৩৫০ জনকে, যার মধ্যে ২৪০ জন ভারতীয় ও ১১০ জন বিদেশি ক্রিকেটার। এই নিলামে সর্বোচ্চ ৭৭ জন খেলোয়াড় দল পেতে পারে, যার মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য খালি আছে সর্বোচ্চ ৩১টি স্লট।
৩০ বছর বয়সী মোস্তাফিজকে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে রাখা হয়েছে, যেখানে মোট ৪০ জন খেলোয়াড় আছেন। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৬০টি আইপিএল ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৬৫ উইকেট; গড় ২৮.৪৪ এবং ইকোনমি রেট ৮.১৩।
বাংলাদেশের পাঁচ ক্রিকেটারকে ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের শ্রেণিতে রাখা হয়েছে: লেগ-স্পিনার রিশাদ হোসেন, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এবং ডানহাতি পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিবকে।
২৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানকে রাখা হয়েছে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যের শ্রেণিতে—যা কিছুটা বিস্ময়ের জন্ম দিয়েছে।
তবে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য নিলাম তালিকায় কোনো জায়গা ছিল না। দীর্ঘ তালিকায় তার নাম থাকলেও চূড়ান্ত শর্টলিস্টে তিনি জায়গা পাননি।
