নিজস্ব প্রতিবেদক::
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার গণময়দান এলাকায় র্যাব কর্মকর্তার স্ত্রী লিপি আক্তার (৩৫) শ্বাসরোধে হত্যার পর বাসা থেকে স্বর্ণালঙ্কার লুটসহ মূল্যবান জিনিষপত্র লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত লিপি আক্তার ওই এলাকার বাসিন্দা মহর আলীর স্ত্রী। মহর আলী বর্তমানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)২-এ এসআই পদে কর্মরত বলে জানা গেছে। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তার স্ত্রীও দুবৃত্তের হাত থেকে রেহাই না পাওয়ায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আবারও প্রশ্ন দেখা দিয়েছে।
সরিষাবাড়ী থানার ওসি বাচ্চু মিয়া জানান, রাত ২টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাত চোর বা চোরের দল জানালার গ্রীল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। তাদের উপস্থিতি টের পেয়ে গেলে লিপি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘর থেকে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা।
ওসি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে সিআইডি ও পুলিশ কর্মকর্তারা পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত চুরি ডাকাতির ঘটনা বলে মনে হলেও হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ শুরু করেছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের গ্রেপ্তার দাবি করেছেন।
