নিজস্ব প্রতিবেদক
দেশে প্রথমবারের মতো নতুন ধরনের সিন্থেটিক মাদক এমডিএমবির বড় একটি চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ভেপ ও ই-সিগারেটের লিকুইডের সঙ্গে মিলিয়ে গোপনে সরবরাহ করা হতো এই ভয়াবহ শক্তিশালী নেশাদ্রব্য। মালয়েশিয়া থেকে সংগৃহীত এই মাদকের সঙ্গে সংশ্লিষ্ট চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত চারজন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী- খন্দকার তৌকিরুল কবির তামিম (২৬), মেহেদী হাসান রাকিব (২৬), বেসরকারি প্রতিষ্ঠানের সেলস ও মার্কেটিং কর্মকর্তা মাসুম মাসফিকুর রহমান ওরফে সাহস এবং সম্প্রতি ভারত থেকে ফিরে ব্যবসা শুরু করা আশরাফুল ইসলাম।
তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৪০ মিলিলিটার এমডিএমবি, গাঁজার চকলেট, ভেপ ডিভাইস, ই লিকুইড এবং মাদক মেশানোর জন্য ব্যবহৃত ক্যানিস্টার।
আটককৃতরা জুলাই যোদ্ধা হিসেবে ক্যাম্পাসে পরিচিত। গত বছরের জুলাই-আগস্টে বিক্ষোভরতদের উজ্জীবিত করতে তারা বিভিন্ন ‘উপকরণ’ সরবরাহ করেছে বলে দাবি বিভিন্ন সূত্রের। ক্যাম্পাসে খোঁজ নিয়ে জানা যায় তামিম ও রাকিব আওয়ামী লীগ সরকারবিরোধী বিক্ষোভে সক্রিয় ছিলেন। তাদের সরবরাহকৃত মাদক শিক্ষার্থীদের উন্মত্ত করে তুলেছিল বলে ধারণা আইন শৃঙ্খলাবাহিনীর একটি বিশেষ সূত্রের।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ জানান, বিশ্বজুড়ে ভেপ ও ইসিগারেট ব্যবহারকারীদের মধ্যে নতুন সিন্থেটিক সাইকোঅ্যাক্টিভ পদার্থ বিশেষ করে এমডিএমবি দ্রুত ছড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ সংস্থা আইএনসিবি এ বিষয়ে বৈশ্বিক গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করলে বাংলাদেশেও বিশেষ নজরদারি চালাতে থাকে ডিএনসির গোয়েন্দা বিভাগ। তাদের অভিযানে প্রকাশ পায় এমডিএমবিপিনাকার একটি সক্রিয় সরবরাহ চক্রের কার্যক্রম।
ডিএনসির অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ বদরুদ্দীন এর তত্ত্বাবধানে একটি বিশেষ দল অনলাইন মার্কেটপ্লেস, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডার্ক ওয়েবে নজরদারি চালায়। এভাবেই প্রথম উঠে আসে ভেপ লিকুইডে মিশিয়ে ছড়িয়ে দেওয়া এমডিএমবির অস্তিত্ব।
এভাবে খুচরা বিক্রেতা হিসেবে তামিমকে চিহ্নিত করা হয় এবং সোর্স ব্যবহার করে তার কাছ থেকে স্যাম্পল অর্ডার করা হয়।
গত ১০ই ডিসেম্বর পল্লবীতে ডেলিভারি দিতে এসে ২০ মিলিলিটার এমডিএমবিসহ তামিমকে গ্রেপ্তার করে গোয়েন্দা দল। পরে তার জিজ্ঞাসাবাদ ও ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণ করে মেহেদী হাসান রাকিবকে শনাক্ত করা হয় এবং মিরপুর থেকে ১০ মিলিলিটার মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।
রাকিবের জবানবন্দি ও ডিভাইস বিশ্লেষণে সামনে আসে দেশে এমডিএমবির একটি বিস্তৃত নেটওয়ার্ক। সেই সূত্র ধরে শনাক্ত করা হয় দুই মূলহোতা আশরাফ ও সাহস। সমন্বিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হলে তাদের বাসায় উদ্ধার হয় ৫টি কন্টেইনারে মোট ৩১০ মিলিলিটার এমডিএমবিপিনাকা, সিবিডি ইনফিউজড গাঁজার চকলেট, কয়েকটি ভেপ ডিভাইস, ইলিকুইড এবং খালি ক্যানিস্টার।
মিরপুর সেনপাড়ার বাসিন্দা আশরাফ জানায়, দীর্ঘদিন ধরে সমাজের তথাকথিত এলিট শ্রেণির মধ্যে এসব মাদক সরবরাহ করছিল সে। ভেপ ব্যবহারকারীদের লক্ষ্য করে সহযোগী সাহসকে নিয়ে সে দেশে এমডিএমবির বাজার তৈরির চেষ্টা করছিল। মালয়েশিয়ায় যাতায়াত করায় সেখান থেকেই সংগ্রহ করত মাদক।
মহাপরিচালক জানান, মাত্র কয়েক ফোঁটা এমডিএমবি মানুষের স্নায়ুতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
সাধারণ ভেপ লিকুইডের মতো দেখতে হওয়ায় এটি চিহ্নিত করা কঠিন, ফলে ব্যবহারকারীরা বুঝতেই পারে না তারা একটি প্রাণঘাতী মাদক গ্রহণ করছে। এর প্রভাবে দ্রুত নেশা, হ্যালুসিনেশন, আক্রমণাত্মক আচরণ, হৃদস্পন্দন অস্বাভাবিক হওয়াসহ গুরুতর শারীরিক ঝুঁকি দেখা দিতে পারে। প্রচলিত নিকোটিন লিকুইডে মোটে ১-২ ফোঁটা এমডিএমবি মিশিয়েই ব্যবহার করা হয় এই নেশা।
চক্রটি অত্যন্ত কৌশলে ফেসবুক ও হোয়াটসঅ্যাপকে গড়ে তোলে গোপন মার্কেট হিসেবে। ফেসবুকের ক্লোজড গ্রুপ, রিভিউ পেজ ও ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে দিত সংকেতভিত্তিক পোস্ট—যেখানে সাধারণ ফ্লেভার, গেমিং অ্যাক্সেসরি বা পোর্টেবল ডিভাইসের আড়ালে ইঙ্গিত করা হতো আসল পণ্যের দিকে।
আগ্রহী ক্রেতা ইনবক্সে বার্তা পাঠালে তাকে নেওয়া হতো হোয়াটসঅ্যাপ চ্যাটে। সেখানে কোডওয়ার্ড ব্যবহার করে দাম ঠিক করা হতো, অবস্থান শেয়ার করে লেনদেন নিশ্চিত করা হতো, এমনকি নির্দিষ্ট ইমোজিও ব্যবহার করা হতো গোপন সংকেত হিসেবে। বাইরের কেউ বুঝতেই পারত না এটি ছিল এমডিএমবির একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সরবরাহ নেটওয়ার্ক।
নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, এই ভয়ঙ্কর নতুন প্রজন্মের মাদকে জেনজি প্রজন্ম আক্রান্ত। এটা সেবন করিয়ে তাদেরকে উন্মাদ বানিয়ে যে কোনও কাজ সিদ্ধি করা যায়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের যে দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে তারা জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন বলেও জানান তিনি।
