চট্টগ্রামে বাড়ি নির্মাণ, ব্যবসা বা জমি বেচাকেনায় দিতে হয় কোটি টাকা, পৌঁছে যায় অস্ত্রধারীরা

চট্টগ্রামে বাড়ি নির্মাণ, ব্যবসা বা জমি বেচাকেনায় দিতে হয় কোটি টাকা, পৌঁছে যায় অস্ত্রধারীরা
শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম কমছে না। এমনকি কারাগারেও থেকে চাঁদাবাজি-দখলবাজি, ছিনতাই-অপহরণ, খুন-সন্ত্রাসসহ সকল অপরাধ পরিচালিত হচ্ছে নির্বিঘ্নে। গত বছরের ৫ই আগস্টের পর থেকে চট্টগ্রাম মহানগর এবং আশপাশের জেলা-উপজেলা পরিণত হয়েছে রক্তাক্ত জনপদে। এমন একটি দিন নেই, যেদিন কোথাও লাশ না পড়ছে, চাঁদাবাজি-অপহরণ না হচ্ছে। মৃত্যুকুপে পরিণত হয়েছে চট্টগ্রাম।

আওয়ামী লীগ সরকরের পতনের পর থেকে এ পর্যন্ত শহরে এবং বাইরের জেলাগুলোতে কোথাও কোনো বাড়ি তুলতে হলে, ব্যবসা প্রতিষ্ঠান, ছোটখাট দোকান এমনকি ফুটপাতে ছোট দোকান করতে হলেও দিতে হচ্ছে ব্যবসার ধরন অনুসারে চাঁদা। এককালীন কিংবা দৈনিক-সাপ্তাহিক কিংবা মাসিক ভিত্তিতে তোলা হচ্ছে চাঁদা। অ্যাপার্টমেন্ট হাউজ হলে এককালীন দিয়ে দিতে হবে ১/২টি ফ্ল্যাট অথবা সমপরিমাণ অর্থ। নিজেদের থাকার বাড়ি তৈরি করতে হলে চাঁদা প্রদানের পাশাপাশি নির্মাণ সামগ্রী সরবরাহের কার্যাদেশও দিতে হবে নির্দিষ্ট ব্যবসায়ীকে।

বিএনপি নেতা মীর হেলালের ঘনিষ্ঠ শীর্ষ সন্ত্রাসী-খুনি ছোট সাজ্জাদ

কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কিংবা শর্ত না মানলে প্রথমে ফোনে হুমকি দেওয়া হয়। তাতেও যদি কাজ না হয়, তবে অস্ত্রধারীরা পৌঁছে যাবে। তখন সন্ত্রাসীদের দাবি মেনে না নেওয়া ছাড়া উপায় থাকে না। অবাধ্য হলেই নিশ্চিত মৃত্যু। এমন অসংখ্য ঘটনায় প্রকাশ্যেই হত্যা করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

পড়ুন: চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড > ক্ষমতার দ্বন্দ্বে মরিয়া বিএনপি-জামায়াতের শীর্ষ সন্ত্রাসীরা: বাড়ছে অত্যাধুনিক অস্ত্রের মজুদ: পর্ব-১

আর এসব ঘটনা ঘটছে পুরনো শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে দ্বিতীয় প্রজন্মের সন্ত্রাসীরাও। এইট মার্ডার খ্যাত শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ বিদেশ থেকে আগেও চট্টগ্রামের অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন। গত বছরের ৫ই আগস্টের পর কারগার থেকে বের করে আনা হয় ছোট সাজ্জাদকে। যিনি একসময় শিবিরের রাজনীতি করলেও বর্তমানে বিএনপির প্রভাবশালী নেতা মীর হেলালের অত্যন্ত আস্থাভাজন। বর্তমানে মহানগরের যাবতীয় চাঁদাবাজি-দখলবাজি, অপহরণ-টার্গেট কিলিংয়ের মত ঘটনাগুলো ঘটছে তারই নির্দেশে।

গত দেড় বছরে চট্টগ্রামের অন্তত ১৪-১৫টি খুনের ঘটনায় ছোট সাজ্জাদের সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। তার বিরুদ্ধে অভিযান চালানোয় ফেসবুক লাইভে এসে পুলিশের ওসিকে নগ্ন করে পেটানোর হুমকিও দেন তিনি। ওসি হুমকিতে ভীত-সন্তস্ত্র হয়ে পড়েন বলে শোনা যায়। ছোট সাজ্জাদকে আটকে পুরস্কার ঘোষণা করা হয়। পরে ঢাকায় তিনি গ্রেপ্তার হলে সাজ্জাদের স্ত্রী তামান্না এবং তার মা সাজ্জাদরে তথ্যদাতাদের খুন করার হুমকি দেন। এরপরই প্রাণ যায় আরও দুজনের। ছোট সাজ্জাদ কারাগারে থেকেই এই খুনের নির্দেশনা দিয়েছিলেন বলে জানা যায়।

পড়ুন: চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড > সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব

ছোট সাজ্জাদের হাতে একে-৪৭, জি-৩সহ অত্যাধুনিক অস্ত্র রয়েছে। একইসাথে তার গ্যাংয়ে রয়েছে দক্ষ শ্যুটার। যারা নগরীর নির্মাণাধীন বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়মিত কোটি কোটি টাকা চাঁদা তুলছেন। কেউ তাদের সাথে বিবাদে জড়াতে চান না। সম্প্রতিক সময়ে ছোট সাজ্জাদের গ্যাং থেকে ফোন পেয়েছেন এমন অন্তত ১৫-২০ জন ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে সত্যতা নিশ্চিত করেন।

ভুক্তভোগীদের অনেকেই জানান, চাঁদা না দিয়ে উপায় কী? পরিবার নিয়ে যাবো কোথায় জমি-বাড়ি ছেড়ে? চাঁদা না দিলে প্রাণটা যাবে। পুলিশ আর আইনশৃঙ্খলা বাহিনী আমাদের কোনো নিরাপত্তা দিতে পারবে না।

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীদের একাংশ

কেউ কেউ জানান, পুলিশ সব জেনেও চুপ করে আছে। পুলিশের সেই আগের মত সামর্থ নাই এসব সন্ত্রাসীকে দমন করার। সন্ত্রাসীরা জেলে থাকলেও মানুষের প্রাণ যায়, বাইরে থাকলেও যায়। গত বছরের আগেস্টর আগে এই শহরে শান্তি ছিল। এখন প্রতি মুহূর্তে প্রাণ হাতে নিয়ে বাঁচতে হয়।

এক আবাসন ব্যবসায়ী জানালেন। একটি অ্যাপার্টমেন্ট তুললে চাঁদার পাশাপাশি কয়েকটা ফ্ল্যাট দিয়ে দিতে হয় সন্ত্রাসীদের নামে। বাধা দেয়া সম্ভব না। আমাদের নিজস্ব সোর্সিং থাকলেও নির্মাণ সামগ্রীর সাপ্লাইয়ের কাজ দিতে হয় তাদেরকে। মান ঠিক থাকুক না থাকুক। আমরা পুরোপুরি জিম্মি হয়ে পড়েছি। ব্যবসা বন্ধ করে দিয়ে চলে যেতে হবে হয়ত দেশ ছেড়ে।

সর্বশেষ ঘটনা

নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় মিজান ও জসিম নামে দুই ব্যক্তি বাড়ি নির্মাণ করছেন। তাদের কাছে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে ৮০ লাখ টাকা চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা। চাঁদা না পেয়ে সশস্ত্র মহড়া দিয়ে ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেয় সন্ত্রাসীরা।

সাজ্জাদকে ধরিয়ে দিয়েছে যারা, তাদের খুনের হুমকি দেন স্ত্রী তামান্না

শুধু মিজান, জসিমের ভবন নির্মাণ বন্ধ তা নয়। একই এলাকার আমির হোসেন এবং জাহাঙ্গীর আলম নামের দুই ব্যক্তির বাড়ি নির্মাণও চাঁদার দাবিতে বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে বায়েজিদ থানার কুলগাঁও এলাকায় যুবদল নেতার বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলির ঘটনাও ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায়, দুই যুবক অস্ত্র উঁচিয়ে নির্মাণাধীন ভবনের গেট পার হয়ে ভেতরে যায়। একটু পর বেরিয়ে আসে। বের হওয়ার আগে একজন পিস্তল উঁচিয়ে গুলির হুমকি দেয়। অপরজনকে গেটের বাইরে একাধিকবার অস্ত্র তাক করতে দেখা যায়।

স্থানীয়রা জানায়, এক পথচারী সন্ত্রাসীদের দেখে নিজ উদ্যোগে পুলিশের জাতীয় সেবা ৯৯৯-এ ফোন করলে তাৎক্ষণিক পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গেছে। সন্ত্রাসীদের ধরতে আমরা কাজ করছি।’

স্থানীয়রা জানান, অস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়ার এক পর্যায়ে সন্ত্রাসীরা পলাতক দুই শীর্ষ সন্ত্রাসী রায়হান ও ইমন গাড়িতে অপেক্ষা করছে বলে হুমকি দেয়। এই দুজন আবার ছোট সাজ্জাদের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী। হুমকি দিয়ে তারা জানান চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়া হবে। ভুক্তভোগীরা পুলিশের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা চেয়ে নির্মাণ কাজ শুরু করেন। তখন তাদের গালাগাল করে বিভিন্ন রকম হুমকি দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়।


জানা গেছে, নগরের চান্দগাঁও, বায়েজিদ, পাঁচলাইশ ও হাটহাজারী এলাকায় কেউ নতুন বাড়ি নির্মাণ, ব্যবসা-বাণিজ্য ও জমি বেচাকেনা করলেই ফোন আসে বড়/ছোট সাজ্জাদের। চাঁদা নেয় তার অনুসারীরা। সেই টাকার একটি অংশ তার কাছে পৌঁছে দেয় তারা।

দুই দশকের বেশি সময় ধরে এভাবেই অপরাধ জগতের নিয়ন্ত্রণ রেখেছেন শিবির কর্মী বড় সাজ্জাদ। একসময় তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন শিবিরের দুই কর্মী নুরুন্নবী ম্যাক্সন ও সারোয়ার হোসেন বাবলা। বাবলা পরবর্তীতে বিএনপি নেতা এরশাদ উল্লাহর ঘনিষ্ঠ হন। আরেক সন্ত্রাসী ঢাকাইয়া আকবরকে চাঁদাবাজিতে নামান বড় সাজ্জাদ। ম্যাক্সন বেশ কয়েক বছর আগে ভারতে নিহত হন। বাবলা সম্প্রতি এরশাদ উল্লাহর জনসংযোগে নিহত হন।

বর্তমানে বড় সাজ্জাদের হয়ে রাজত্ব সামলাচ্ছেন ছোট সাজ্জাদ। সাজ্জাদ কিছুদিন আগে কারাগারে গেলে সহযোগী রায়হান, ইমনরা সামলাচ্ছেন সাম্রাজ্য। ইতিমধ্যে ছোট সাজ্জাদের জামিনও হয়ে গেছে।

Visited 27 times, 1 visit(s) today