নারায়ে তাকবির স্লোগানে উদীচী কার্যালয়ে ঢুকে আগুন দিল জুলাইয়ের সহযোগী উগ্রবাদী-জঙ্গিরা

নারায়ে তাকবির স্লোগানে উদীচী কার্যালয়ে ঢুকে আগুন দিল জুলাইয়ের সহযোগী উগ্রবাদী-জঙ্গিরা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তোপখানা রোডে অবস্থিত উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগানে হামলা এবং অগ্নিসংযোগ করেছে একদল উগ্রবাদী-জঙ্গি।

আজ ১৯শে ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যা ৭টার পর একদল উগ্রবাদী-জঙ্গি কার্যালয়টিতে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রচেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস, জানান কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল উগ্রবাদী-জঙ্গি হঠাৎ উদীচী কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর শুরু করে। এসময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে ভেতরে অগ্নিসংযোগ করলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কার্যালয়ের ভেতরে থাকা ব্যক্তিরা প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন।

উগ্রবাদী-জঙ্গিরা তাদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালাগাল করছিল বলে জানান শিল্পীরা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, আগুনের খবর পেয়ে দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় পরে আরও দুটি ইউনিট পাঠানো হয়। মোট চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও নথিপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন সাধারণ শিল্পী ও সচেতন নাগরিক সমাজ। রাষ্ট্রীয় মদদে এমন হামলা-ধ্বংসাত্মক কার্যকলাপ চলছে বলে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন। উগ্রবাদীরা এ দেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ওপর আঘাত হানছে প্রশাসনের নাকের ডগায়, অভিযোগ তাদের।

Visited 21 times, 1 visit(s) today