নিজস্ব প্রতিবেদক
বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াছিকুর রহমান বাবু কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুকে ঘিরে পরিবার ও সহকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।
পরিবারের অভিযোগ, গ্রেপ্তারের পর থানায় নিয়ে বাবুকে সারারাত নির্মম নির্যাতন করা হয়। এ সময় তার দুই পা ভেঙে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় পরে তাকে কারাগারে পাঠানো হলে সেখানে অবস্থার আরও অবনতি ঘটে।
পরিবারের সদস্যরা জানান, গত ২৬শে সেপ্টেম্বর বাবুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকে তাকে আর স্বাভাবিক অবস্থায় দেখা যায়নি। নির্যাতনের কারণে তিনি হাঁটাচলা করতে পারছিলেন না এবং তীব্র যন্ত্রণায় ভুগছিলেন।
ওয়াছিকুর রহমান বাবুর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করে তার স্বজনরা বলেন, এই মৃত্যুর দায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তৎকালীন দায়িত্বপ্রাপ্তদের নিতে হবে। তারা অভিযোগ করেন, নির্যাতনের বিষয়ে বারবার জানানো হলেও কোনো কার্যকর চিকিৎসা বা সুরক্ষা নিশ্চিত করা হয়নি।
এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। একই সঙ্গে তারা একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে কারা কর্তৃপক্ষ বা পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
