ময়মনসিংহে শতবর্ষী মাজারে তৌহিদি জনতার হামলা-ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপ

ময়মনসিংহে শতবর্ষী মাজারে তৌহিদি জনতার হামলা-ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপ
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে কয়েকশ বছরের পুরোনো একটি মাজারে ভাঙচুর করেছ তৌহিদি জনতা। মাজারের সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ভেতরে মল-মূত্র ও গোবর নিক্ষেপ করে মাজারের অবমাননা করা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ভক্ত-অনুরাগীরা। অন্যদিকে তৌহিদি জনতা মাজারটি পুরোপুরি গুঁড়িয়ে দিতে তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (দিবাগত রাতের কোনো এক সময়) উপজেলার টেঙ্গাপাড়া গ্রামে অবস্থিত শাহজাহান উদ্দিন (র.) আউলিয়া মাজারে তৌহিদি জনতা হামলা চালায়। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

মাজার সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ভক্তরা মাজারে প্রবেশ করে দেখতে পান মূল অংশের সীমানা প্রাচীর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে মাজারের পবিত্রতা নষ্ট করতে পলিথিনে ভরা মল-মূত্র ও গোবর ছড়িয়ে রাখা হয়েছে। খবরটি ছড়িয়ে পড়লে সকাল থেকেই আশপাশের গ্রামের শত শত মানুষ মাজারে জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ জানান।

মাজারের খাদেম মো. সাইদুর রহমান (৭০) জানান, তিনি প্রায় ৪০ বছর ধরে মাজারটির দেখভাল করছেন। তার ভাষ্য অনুযায়ী, মুঘল আমলে প্রতিষ্ঠিত এই মাজারে অতীতে কখনো এমন নৃশংস ঘটনা ঘটেনি। এভাবে মাজারের অপবিত্র করেনি কেউ।

আওয়ামী লীগ সরকার পতনের পর তৌহিদি জনতা মাজারটি গুঁড়িয়ে দিতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। তারা এখন নিরাপত্তাহীনতায় আছেন বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দা ফারুক আহম্মেদ বলেন, দূর-দূরান্ত থেকে প্রতিদিন অসংখ্য ভক্ত এ মাজারে আসেন। রাতের আঁধারে যারা এ ধরনের ভাঙচুর চালিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।

স্থানীয় ইউপি সদস্য মো. জুয়েল মিয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা মাজারের অবকাঠামো ধ্বংসের পাশাপাশি পলিথিনে ভরে অপবিত্র বস্তু নিক্ষেপ করে চরম ধৃষ্টতা দেখিয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাজারের দেয়ালের একটি অংশ ভাঙচুর করা হয়েছে এবং সেখানে মল-মূত্র নিক্ষেপের আলামত পাওয়া গেছে।

তিনি আরও জানান, গত ৮-১০ বছর ধরে ওই মাজারে বড় কোনো ওরস অনুষ্ঠিত হয়নি।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তাঁর মতে, বিষয়টিকে বড় করে দেখার সুযোগ নেই এবং বড় কোনো দুষ্কৃতকারী এ ঘটনা ঘটায়নি।

Visited 16 times, 1 visit(s) today