স্থানীয় সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অস্ত্রসহ আতিক হাসান নামে জামায়াতে ইসলামীর গুপ্ত সংগঠন শিবিরের এক নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ ২৭শে ডিসেম্বর, শনিবার ভোরে উপজেলার তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীন পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে বিজিবি তার বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করেছেন।
গ্রেপ্তার আতিক হাসান (২৫) পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং উপজেলার সীমান্তপাড়া এলাকার বজলার রহমানের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত মেইন পিলার-৮৪৬ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার আউলিয়ার হাট নামক স্থানে সন্দেহভাজন কয়েকজনকে দেখে অভিযান চালায় বিজিবি। এ সময় আতিককে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান। আটক আতিকের কাছ থেকে ২ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় ধারালো ছুরি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আরও জানা গেছে, অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া দুই ব্যক্তি হলেন- মো. জুলফিকার আলী (৩৫) ও মো. রহিদুল (৪২)। তাদের পূর্ণাঙ্গ ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকায় কোনো ভয়ঙ্কর নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য তারা সেখানে জড়ো হয়েছিলেন।
পাটগ্রাম পূর্ব থানা শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আলমগীর খোরশেদ আতিককে তাদের সংগঠনের সাবেক নেতা হিসেবে পরিচিতি নিশ্চিত করেন।
তবে তার দাবি, বিজিবির হাতে গ্রেপ্তার আতিকের সঙ্গে অনেকদিন ধরে সংগঠনের কোনো সম্পর্ক নেই। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গসহ বেশ কিছু অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
পাটগ্রাম থানার ওসি নাজমুল হক অস্ত্রসহ শিবির নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবির হাতে আটক আতিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
